লিপস অ্যান্ড বাউন্ডসে ৩০ কোটির ‘ঝড়’! সুপ্রিম কোর্টে ইডি-সিবিআইকে ভর্ৎসনা, কাঠগড়ায় অভিষেকের পিএ

ডেবরা চাকরি দুর্নীতি, শালবনী জমি কেলেঙ্কারি ও ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়ের আগাম জামিনের মামলা ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টে।
সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানির সময় দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সুমিত রায় তৃণমূলের দলীয় অ্যাকাউন্টসহ একাধিক ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ নগদ জমা করেছেন। এমনকি সেই অ্যাকাউন্ট থেকেই ৩০ কোটি টাকা বিতর্কিত সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে আদালতে সলিসিটর জেনারেল পর্যাপ্ত প্রমাণ থাকার দাবি জানান।
অন্যদিকে, সুমিত রায়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল বিগত ১১ দিন ধরে তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তবে সলিসিটর জেনারেলের পাল্টা দাবি, আর্থিক দুর্নীতির মাত্রা আপাতদৃশ্য ১০ লক্ষ টাকার চেয়েও অনেক গভীরে।
তবে শুনানিকলে ইডি (ED) ও সিবিআই (CBI)-এর ধীরগতির তদন্ত প্রক্রিয়া এবং পূর্বের নির্দেশ পালনে গড়িমসি নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালত কেন্দ্রীয় সংস্থাগুলিকে ভর্ৎসনা করে নির্দেশ দিয়েছে যে, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ নথি এবং নগদ টাকা জমার সপক্ষে সমস্ত প্রমাণ আগামী সোমবারের মধ্যে জমা দিতে হবে। আগামী সোমবারের পরবর্তী শুনানির দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।