কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মিলবে হোটেল? ভক্তদের ভিড় সামলাতে বড় পদক্ষেপ বিধায়কের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মিলবে হোটেল? ভক্তদের ভিড় সামলাতে বড় পদক্ষেপ বিধায়কের

আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে বড়সড় সিদ্ধান্ত নিল বীরভূম জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় তারাপীঠে অনুষ্ঠিত বিশেষ প্রশাসনিক বৈঠকে রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা জানান, যেসব হোটেলের কাগজপত্রে ছোটখাটো ত্রুটি রয়েছে, তা খতিয়ে দেখে উৎসবের আগেই পরিষেবা চালুর সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে হোটেল মালিকদের প্রয়োজনীয় নিয়ম ও শর্ত পূরণের জন্য আগামী তিন মাস সময় দেওয়া হবে। জেলাশাসক ধবল জৈন ও পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে পুণ্যার্থীদের আবাসন, যাতায়াত এবং নিরাপত্তা সুনিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। অতিরিক্ত ভাড়া বা প্রতারণা রোধে স্টেশন ও বাসস্ট্যান্ডে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু আবাসন ও নিরাপত্তা নয়, কৌশিকী অমাবস্যাকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক সাংস্কৃতিক ও নান্দনিক উদ্যোগ নেওয়া হয়েছে। তারাপীঠের বিভিন্ন এলাকায় আলোকসজ্জা, গঙ্গারতি, বাউল গান, রবীন্দ্রসংগীত এবং লোকসংস্কৃতির নানা আয়োজন করা হবে। দূরবর্তী ভক্তদের সুবিধার জন্য রামপুরহাটের মুনসুভা মোড় পর্যন্ত বড় পর্দায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি আকাশ থেকে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা রয়েছে। প্রশাসনের এই বহুমুখী পদক্ষেপে উৎসবে আগত ভক্তদের ভোগান্তি যেমন কমবে, তেমনই তারাপীঠের পর্যটন ও হোটেল পরিষেবা স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *