কালীঘাট তৃণমূল আসলে বিজেপির লক্ষ্মীপেঁচা! ‘সেটিং’ তত্ত্ব তুলে বিস্ফোরক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

কালীঘাট তৃণমূল ও বিজেপির মধ্যে গোপন সমঝোতা বা ‘সেটিং’ রয়েছে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করলেন রাজনৈতিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তরা যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাতে বড় ধরনের আঁতাতের ইঙ্গিত মিলছে। কেন্দ্রীয় এজেন্সি ও সলিসিটর জেনারেলের তথ্য সামনে আসার পরও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর দল বিজেপির ‘বি’ টিম হিসেবে কাজ করছে—এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি পালটা দাবি করেন, তাঁদের একাধিক নেতা কারাবন্দী ও আক্রান্ত হয়েছেন, যা কোনো সেটিংয়ের তত্ত্বে মেলে না।
পাশাপাশি, এক চাঞ্চল্যকর অভিযোগে তিনি দাবি করেন, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে নির্বাচনের হারের পর ‘লিপস অ্যান্ড বাউন্স’-এর তহবিলে ৩৬০ কোটি টাকা স্থানান্তরিত হয়েছে। এই আর্থিক দুর্নীতির নেপথ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত এক আন্তর্জাতিক মাফিয়া চক্র রয়েছে বলে তাঁর অভিযোগ। কলকাতার পাশাপাশি কেরল এবং বিভিন্ন ভিনরাজ্যেও এই চক্রের জাল ছড়ানো রয়েছে। এই সিন্ডিকেটে রাজনীতিকদের পাশাপাশি ফুটবল কোচ, প্রাক্তন সাংবাদিক এবং প্রাক্তন আইপিএসদের মতো প্রভাবশালী ব্যক্তিরা জড়িত রয়েছেন। তাঁর কাছে থাকা সমস্ত তথ্য ও নথি নিয়ে তিনি আগামী সপ্তাহের মধ্যে দিল্লি গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন।