পেট পুরে খাওয়ার পরও খিদে পায়? মারাত্মক বিপদের সংকেত নয় তো!
September 2, 20264:33 pm

পেট ভরে খাওয়ার কিছুক্ষণ পরেই কি আবার খিদে পেতে শুরু করে? আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই অভ্যাসের পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব, লাইফস্টাইলের ভুল বা কোনো শারীরিক সমস্যা।
কানপুরের অ্যাপোলো স্পেকট্রা হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ড. সাদ আনোয়ারের মতে, ভরপেট খাওয়ার পরও বারবার খিদে পাওয়ার প্রধান কারণগুলো হলো:
- ডায়েটে প্রোটিন ও ফাইবারের অভাব: কেবল কার্বোহাইড্রেট (ভাত বা রুটি) খেলে পেট দ্রুত খালি হয়ে যায়। তাই খাবারে ডাল, ডিম, পনির, শাকসবজি ও ফল রাখা জরুরি।
- পর্যাপ্ত জলের অভাব: অনেক সময় ডিহাইড্রেশনকে মস্তিষ্ক ‘খিদে’ হিসেবে ভুল করে। তাই খাওয়ার পর খিদে পেলে আগে এক গ্লাস জল পান করা উচিত।
- ঘুমের ঘাটতি: কম ঘুমালে শরীরে খিদে নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যার ফলে বেশি ক্যালোরি ও মিষ্টি জাতীয় খাবার খাওয়ার তীব্র ইচ্ছা জাগে।
- মানসিক চাপ বা ইমোশনাল ইটিং: মানসিক দুশ্চিন্তা, উদ্বেগ বা একঘেয়েমি কাটাতে অনেকেই অজান্তে বারবার খেতে থাকেন।
- খুব দ্রুত খাবার খাওয়া: দ্রুত খাবার খেলে মস্তিষ্ক পর্যন্ত পেট ভরার সিগন্যাল পৌঁছাতে পারে না, ফলে পেট ভরলেও ক্ষিদের অনুভূতি থেকেই যায়।
কখন ডাক্তার দেখাবেন? অতিরিক্ত খিদের পাশাপাশি যদি দ্রুত ওজন পরিবর্তন, অতিরিক্ত তেষ্টা, বারবার প্রস্রাব বা শরীর অতিরিক্ত দুর্বল লাগার মতো লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি ডায়াবেটিস, থাইরয়েড বা কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।