অভিষেকের ২২ পাতার চাঞ্চল্যকর চিঠি! দলত্যাগ বিরোধী আইনের ফাঁদে কোণঠাসা ২০ বিদ্রোহী সাংসদ

দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ে চরম চাপে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ জন বিদ্রোহী সাংসদ। লোকসভা সচিবালয়ের পাঠানো নোটিশের উত্তর দিতে লোকসভার স্পিকারের কাছে আরও তিন সপ্তাহের অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছেন তাঁরা। মঙ্গলবার ইমেল এবং কুরিয়ারের মাধ্যমে সচিবালয়ের পরিচালকের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে সময় বাড়ানোর আর্জি জানানো হয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চাওয়ার কারণ হিসেবে বিদ্রোহীরা জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেশ করা ২২ পৃষ্ঠার দীর্ঘ চিঠিতে অজস্র জটিল অভিযোগ রয়েছে। তার সঠিক ও পুঙ্খানুপুঙ্খ জবাব তৈরি করতেই এই বাড়তি সময় প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট লোকসভা সচিবালয় থেকে নোটিশ পাঠিয় ৭ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছিল। তবে নোটিশ হাতে পাওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) এবং দেশের শীর্ষ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আইনি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন এই বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীর নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, নিজেদের আইনি অবস্থান মজবুত করতেই তাঁরা এই সময় চেয়েছেন। অন্যদিকে, আগামী ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টেও এই ২০ জন সাংসদের মামলার পরবর্তী শুনানি রয়েছে।
সংবিধানের ১০ম তফসিল তুলে ধরে তৃণমূলের মূল দাবি—কোনো একক বা স্বতন্ত্র সাংসদ দল পরিবর্তন করতে পারেন না, কেবল পুরো দল একীভূত হতে পারে। এর বিপরীতে বিদ্রোহীদের যুক্তি, দলে তাঁদের দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন রয়েছে, তাই এই আইন তাঁদের ওপর প্রযোজ্য নয়। এখন দেখার বিষয়, লোকসভার স্পিকার ওম বিড়লা এই অতিরিক্ত সময় মঞ্জুর করেন, নাকি এই নজিরবিহীন অযোগ্যতা মামলায় দ্রুত কোনো বড় সিদ্ধান্ত নেন।