ধ্বংসস্তূপের মাঝেও মৃত্যুর সঙ্গে লড়ছেন নেপালের প্রথম নারী কপ্টার ক্যাপ্টেন, বাঁচালেন শত শত প্রাণ!

ভয়াবহ বন্যা ও ভূমিধসে স্তব্ধ নেপালে অবিরাম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন দেশটির প্রথম মহিলা হেলিকপ্টার ক্যাপ্টেন প্রিয়া অধিকারী। সংকীর্ণ উপত্যকা ও নরম কাদার চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও গত এক সপ্তাহে প্রায় ১০০টি উদ্ধার অভিযান সম্পন্ন করেছেন ৪১ বছর বয়সি এই অভিজ্ঞ পাইলট। বর্তমানে রসুয়া জেলার বিপর্যয়কবলিত তিমুরে অঞ্চলে দিনরাত এক করে আটকে পড়া মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনছেন তিনি। ২০১৫ সালের ভূমিকম্পের চেয়েও এই প্রাকৃতিক বিপর্যয়কে অনেক বেশি জটিল ও চ্যালেঞ্জিং বলে অভিহিত করেছেন তিনি।
একসঙ্গে বহু কপ্টারের চলাচল এবং ইঞ্জিন সচল রেখেই মানুষ উদ্ধারের মতো চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে পাইলটদের। চারপাশ জুড়ে ধ্বংসলীলা ও স্বজনহারার কান্নার রোল থাকলেও ক্লান্তি ভুলে মানুষের জীবন বাঁচানোকেই নিজের পরম ব্রত হিসেবে বেছে নিয়েছেন প্রিয়া। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের পাশাপাশি উপদ্রুত অঞ্চলে ত্রাণের পাশাপাশি জরুরি ভিত্তিতে বডি ব্যাগ সরবরাহ করতে হচ্ছে। শারীরিক ও মানসিক ক্লান্তি ছাপিয়ে মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনার এই আসামসাহসী লড়াইয়ে হিমালয়ের আকাশে এখন আস্থার প্রতীক হয়ে উঠেছেন এই নারী পাইলট।