পাপারাজ্জির ভয়ে দেশত্যাগ? লন্ডনে কোহলি-অনুষ্কার জীবন কাটানোর আসল রহস্য ফাঁস মাধুরীর স্বামীর!

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির পাকাপাকিভাবে লন্ডনে প্রবাসী হওয়া নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কেন দেশের মাটি ছেড়ে সুদূর লন্ডনে গিয়ে সংসার পাতলেন এই তারকা দম্পতি? নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এল এর আসল কারণ।
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী পেশায় চিকিৎসক ড. শ্রীরাম নেনের একটি পুরনো পডকাস্টের মন্তব্যকে কেন্দ্র করেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ড. নেনে জানান, অনুষ্কা শর্মার সঙ্গে কথোপকথনের সূত্র ধরেই তিনি জানতে পারেন কেন তাঁরা বিদেশের মাটিতে থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত, তারকাখ্যাতির বলয় থেকে দূরে সন্তানদের এক স্বাভাবিক ও সাধারণ শৈশব দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই পদক্ষেপ।
ভারতের মতো দেশে বিরাট-অনুষ্কার মতো ব্যক্তিত্বদের ব্যক্তিগত জীবন উপভোগ করা প্রায় আসাম্ভব বললেই চলে। সাধারণ কোনো রেস্তোরাঁয় যাওয়া, খোলামেলা জায়গায় হাঁটাচলা করা কিংবা সাধারণ জীবনযাপন—সবক্ষেত্রেই পাপারাজ্জির চোখ, ক্যামেরা এবং অনুরাগীদের ভিড় তাঁদের ঘিরে রাখে। ২৪ ঘণ্টার এই অতিরিক্ত নজরদারি এড়াতেই ভামিকা ও অকায়ের মা-বাবা বেছে নিয়েছেন লন্ডনের শান্ত পরিবেশ, যেখানে তারকাখ্যাতি পেছনে ফেলে সাধারণ মানুষের মতো স্বস্তির নিঃশ্বাস নেওয়া সম্ভব।