২৩৭ কোটির বিপুল আয়! রাম মন্দিরে বড় প্রশাসনিক পরিবর্তন, দায়িত্বে প্রথম সিইও

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্থিক হিসাব ও প্রশাসনিক কাঠামোতে এসেছে বড় ধরনের পরিবর্তন। ট্রাস্টের সাধারণ সম্পাদক স্বামী গোবিন্দদেব গিরি জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে ট্রাস্টের মোট আয় হয়েছে ২৩৭ কোটি টাকা এবং নিয়মিত কাজের পেছনে ব্যয় হয়েছে ৯১ কোটি টাকা।
এর বাইরে মন্দির নির্মাণের মূলধনী ব্যয় হিসেবে খরচ করা হয়েছে ৪২৫ কোটি টাকা। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসেব অনুযায়ী, ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে সংরক্ষিত রয়েছে মোট ১,৮৮২ কোটি টাকা।
আর্থিক উন্নয়নের পাশাপাশি ট্রাস্টের প্রশাসনেও নতুন মুখ যুক্ত করা হয়েছে। নতুন তিনজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অযোধ্যা মামলার আইনজীবী মদন মোহন পান্ডে, সমাজকর্মী ও লেখক মহেশ ভাগচন্দকা এবং শিক্ষাবিদ ডঃ নির্মলা যাদব।
সবচেয়ে বড় খবর হলো, রাম মন্দিরের ইতিহাসে প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। মূলত ভক্তদের সুগম দর্শন, নিরাপত্তা ব্যবস্থা, আর্থিক লেনদেন এবং সার্বিক প্রশাসনিক কাজে আরও স্বচ্ছতা আনতেই এই নতুন পদটি তৈরি করা হয়েছে।