মাঝ আকাশে পাইলটের আকস্মিক অসুস্থতা! ওমানের মাস্কাটে বড় বিপদের হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান
/indian-express-bangla/media/media_files/2025/12/08/indigo-flight-crisis-7th-day-bangla-news-2025-12-08-14-01-39.jpg?w=1280&fit=1280,720&ssl=1)
মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পাইলট। আর এই জরুরি পরিস্থিতিতে বড় ধরনের বিপদ এড়াতে মাস্কাটে জরুরি অবতরণ করল ইন্ডিগোর দোহা থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার সকালে ঘটা এই ঘটনায় বিমানের সমস্ত যাত্রী অক্ষত রয়েছেন বলে বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে। ইন্ডিগোর ওই বিমানটি দোহা ছেড়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেওয়ার পর মাঝ আকাশেই পাইলটের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি বিবেচনা করে ক্রুরা বিমানটিকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেন এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপদে তা অবতরণ করান। বিমানটি মাটিতে নামার পর পরই অসুস্থ পাইলটকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পাইলটের এই আকস্মিক অসুস্থতার কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে কিছু সময় বিলম্ব হয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং দ্রুত বেঙ্গালুরু পৌঁছে দিতে ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ। সংস্থার পক্ষ থেকে মাস্কাটে একটি নতুন বিমান ও অতিরিক্ত ক্রু সদস্য পাঠানো হয়েছে, যাতে যাত্রীরা নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন। মাঝ আকাশে এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতিতে পাইলট ও ক্রুদের সময়োচিত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।