“আমরা কি ক্রীতদাস?” কেনিয়ার প্রেসিডেন্টের চরম হুঙ্কারে বড় ধাক্কা খেল টাটা গ্রুপ

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর চরম নির্দেশ ও ক্ষোভের মুখে আন্তর্জাতিক বাণিজ্যে বড়সড় বিপাকে পড়ল দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী টাটা (TATA Group)। রয়টার্স সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, কেনিয়া থেকে টাটা কেমিক্যালসকে অবিলম্বে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট। টাটার কার্যকলাপে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, “আমরা কি ক্রীতদাস?”
কেনিয়ার প্রেসিডেন্টের অভিযোগ, দীর্ঘ শতবর্ষ ধরে ব্যবসা পরিচালনা করলেও দেশের অর্থনীতি এবং স্থানীয় স্তরে শিল্পসক্ষমতা বৃদ্ধিতে বিন্দুমাত্র ইতিবাচক ভূমিকা রাখেনি টাটা। কাজিয়াদোয় অবস্থিত তাদের কারখানা বা সামগ্রিক কার্যক্রম থেকে স্থানীয় দেশবাসী উপকৃত হয়নি বলেই তাঁর দাবি। প্রেসিডেন্টের স্পষ্ট বার্তা, টাটার পরিবর্তে এখন অন্যান্য সংস্থাকে বৃহৎ কাচ ও রাসায়নিক কারখানা গড়ে তোলার দায়িত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, কেনিয়ায় অবস্থিত টাটা কেমিক্যালসের ‘Magadi Soda’ কারখানাটি শিল্পক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক সোডিয়াম কার্বনেট উৎপাদন করে। তবে দীর্ঘদিন ধরেই এই কারখানা এবং সোডিয়াম কার্বনেট রফতানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় সরকারের সঙ্গে টাটার টানাপোড়েন চলছিল। কেনিয়ার প্রেসিডেন্টের এই কঠোর ও আকস্মিক পদক্ষেপে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা খেল ভারতীয় শিল্পমহল। তবে এই পুরো বিষয়টিতে এখনও পর্যন্ত টাটা গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।