১ ঘণ্টা চুলকানির ব্যবসা! মাসেই পকেটে আসছে ১৪ লক্ষ টাকা

বর্তমান যুগে গতানুগতিক পেশা ছেড়ে নতুন ও অভিনব ব্যবসার দিকে ঝুঁকছেন বহু তরুণ-তরুণী। কেউ রেস্তোরাঁ খুলছেন, তো কেউ বেছে নিচ্ছেন অন্য কোনো পথ। তবে সম্প্রতি চিনের এক যুবক যা করে দেখিয়েছেন, তা সত্যিই অভাবনীয়। কাউকে পিঠ বা শরীর চুলকে দেওয়ার মতো এক অদ্ভুত ব্যবসা ফেঁদে এখন তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই অভিনব ব্যবসা করেই তাঁর মাসিক আয় প্রায় ১৪ লক্ষ টাকা।
‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, চিনের হুবেই প্রদেশের ৩২ বছর বয়সি ঝাং শিয়াওচিয়াও শেংঝেনে ‘সুমা’ (Suma) নামের একটি পার্লার চালু করেছেন। চিরাচরিত মাসাজ পার্লারের আদলেই তৈরি এই জায়গায় গ্রাহকরা শুয়ে পড়েন এবং প্রশিক্ষিত কর্মীরা যত্ন সহকারে তাঁদের পিঠ ও শরীরের অন্যান্য অংশ চুলকে দেন। বিশেষ কিছু যন্ত্র বা নখ বসানো সরঞ্জাম ব্যবহার করে এই সেবা দেওয়া হয়, যা গায়ের ওপর বোলালে গ্রাহকরা দারুণ স্বস্তি পান।
এই বিশেষ পরিষেবার জন্য ঘণ্টা প্রতি প্রায় ৩০০ ইউয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪২,০০০ টাকা ফি নেওয়া হয়। ঝাংয়ের মতে, আধুনিক ব্যস্ত জীবনে মানুষ নানা মানসিক চাপে ভোগেন, যার ফলে এই ধরনের আরামদায়ক ‘চুলকানি সার্ভিস’ দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে শেংঝেনে তাঁর দুটি আউটলেট রয়েছে, যেখান থেকে প্রতি মাসে প্রায় ১ লক্ষ ইউয়ান বা ১৪ লক্ষ টাকা আয় হচ্ছে। ছোটবেলার সাধারণ কিছু আরামদায়ক অনুভূতির কথাই তাঁকে এই আজব ব্যবসার আইডিয়া জুগিয়েছিল, যা আজ তাঁকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে।