টাকা দিলেই মিলছে ডিগ্রি! রাজ্যের সাড়ে চারশো বিএড কলেজকে শো-কজ, কড়া পদক্ষেপের বার্তা শিক্ষামন্ত্রীর

টাকা দিলেই মিলছে ডিগ্রি! রাজ্যের সাড়ে চারশো বিএড কলেজকে শো-কজ, কড়া পদক্ষেপের বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যের বিএড কলেজগুলিতে শিক্ষা ব্যবস্থার নামে অরাজকতা ও ডিগ্রি বিক্রির চক্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এক প্রতিবেশী রাজ্যের মুখ্যসচিবের চিঠির ভিত্তিতে চোখ খোলে শিক্ষা দফতরের। চিঠিতে অভিযোগ করা হয়, ক্লাস না করেই টাকা দিয়ে ডিগ্রি কিনে নিয়ে যাচ্ছে অন্য রাজ্যের পড়ুয়ারা। এরপরই জুলাই-অগস্ট মাসে রাজ্যের ৬০২টি বিএড কলেজে নজিরবিহীন পরিদর্শন অভিযান চালায় শিক্ষা দফতর। তদন্তে নেমে দেখা যায়, একাধিক অস্তিত্বহীন ও পরিকাঠামোহীন প্রতিষ্ঠান বেআইনিভাবে চলছে। ১০০ নম্বরের নির্দিষ্ট ম্যাট্রিক্সে কলেজগুলির প্রাপ্ত গড় নম্বর দাঁড়িয়েছে মাত্র ৫১.৫ শতাংশ।

এই চরম অব্যবস্থার জেরে রাজ্য জুড়ে প্রায় সাড়ে চারশো থেকে পৌনে পাঁচশো বিএড কলেজকে কারণ দর্শানোর નોটিস পাঠানো হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, ৫৩টি কলেজের কোনো বাস্তব অস্তিত্ব নেই এবং ১৭টি ক্ষেত্রে একই ঠিকানায় সাইনবোর্ড বদলে একাধিক প্রতিষ্ঠান চালানো হচ্ছে। অযোগ্য ও ভুয়ো মিলিয়ে মোট ২৬৫টি কলেজকে পুরোপুরি অচল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, মাত্র ১৫১টি প্রতিষ্ঠানের পরিকাঠামো সন্তোষজনক বলে বিবেচিত হয়। সংশ্লিষ্ট কলেজগুলিকে ২১ দিনের মধ্যে সমস্ত খামতি শুধরে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে; অন্যথায় তাদের অনুমোদন বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *