ত্রিফলার কোপ! বঙ্গে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল-হলুদ সতর্কতা

ত্রিফলার কোপ! বঙ্গে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল-হলুদ সতর্কতা

রাজ্যের ওপর চলছে বর্ষার টানা তাণ্ডব। মধ্যপ্রদেশের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ এবং বঙ্গোপসাগরের মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বাংলায় ফের ঘনিয়েছে দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। এর মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মূল নিম্নচাপটি উত্তরপ্রদেশের দিকে এগোলেও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ত্রিফলা প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আগামী কয়েকদিন বেশ অস্থিতিশীল থাকবে।

আজ পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি থাকায় বিশেষ সতর্কতা রয়েছে। এছাড়া আগামী শুক্রবারও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে। অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *