বেআইনিভাবে NSA চাপানোর শাস্তি! ছাত্রীকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে খোদ ম্যাজিস্ট্রেটকে

আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকের স্বাধীনতা খর্ব করলে যে দায়িত্বজ্ঞানহীন সরকারি অফিসারদের ব্যক্তিগতভাবে খেসারত দিতে হবে, তা স্পষ্ট করে দিল আদালত। গত এপ্রিল মাসে নয়ডায় একটি শ্রমিক বিক্ষোভে উসকানি দেওয়ার মিথ্যা অভিযোগে প্রথম বর্ষের এলএলবি ছাত্রী আকৃতি চৌধুরীর বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা এনএসএ (NSA) জারি করা হয়েছিল।
তবে এলাহাবাদ হাইকোর্টে সেই আটকাদেশ সম্পূর্ণ বেআইনি প্রমাণিত হয়। আদালত আকৃতিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ার পরই শুরু হয়েছে মূল চাঞ্চল্য।
আকৃতির আইনজীবী রাজবেন্দ্র সিং জানান, আকৃতি একটি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিলেও পুলিশ প্রশাসন কোনো জোরালো ভিডিও প্রমাণ বা সাক্ষ্যপ্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে এনএসএ চাপিয়েছিল। হাইকোর্টে রাজ্য সরকার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পেশ করতে ব্যর্থ হলে আদালত ওই আটকাদেশ অবিলম্বে বাতিল করে দেয়।
সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর বিষয় হলো, আদালত রায় দিয়েছে যে এই ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ কোনো সরকারি তহবিল থেকে নয়, বরং যে নয়ডার জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্মকর্তারা বেআইনিভাবে এই সুপারিশ করেছিলেন, তাঁদের ব্যক্তিগত বেতন বা পকেট থেকেই দিতে হবে। আদালতের এই কঠোর সিদ্ধান্তে প্রশাসনের অন্দরে ব্যাপক শোরগোল পেকেছে। বিশ্লেষকদের মতে, এই ঐতিহাসিক রায় ক্ষমতার অপব্যবহারকারী অফিসারদের কাছে কড়া বার্তা পৌঁছে দিল।