বালোচিস্তানে বড় ধাক্কা! সেনা কনভয়ে জোড়া হামলায় ২৫ পাকিস্তানি জওয়ানের মৃত্যুর দাবি BLA-র

বৃহস্পতিবার বালোচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর কনভয়ে বড় ধরনের হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি (BLA)। এই জোড়া হামলায় ২৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম হামলাটি হয় জিয়ারত ক্রসে। সেখানে সেনার কনভয়ে অতর্কিত হামলা চালিয়ে একটি ট্রাকসহ দুটি গাড়ি ধ্বংস করে দেয় বিএলএ যোদ্ধারা। প্রথমে ১৮ জন সেনার মৃত্যুর কথা জানানো হলেও, পরে সেই সংখ্যা বাড়িয়ে ২৫ জন করা হয়। পাশাপাশি, বিএলএ তাদের অফিসিয়াল মিডিয়া চ্যানেল ‘হাক্কাল’-এ হামলার ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ট্রেলারও প্রকাশ করেছে, যেখানে জ্বলন্ত সামরিক গাড়ি এবং অস্ত্রশস্ত্রের দৃশ্য দেখা গেছে।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সুরাবের হাজিকা এলাকায়। সেখানে বিএলএ-র স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড (STOS) দূর নিয়ন্ত্রিত বিস্ফোরকের সাহায্যে একটি সেনা গাড়িতে বিস্ফোরণ ঘটায়। এই হামলায় আরও সাতজন সেনা নিহত ও একটি গাড়ি ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে পাকিস্তানি সেনা, সরকার কিংবা কোনো নিরপেক্ষ সূত্র থেকে এখনও এই হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, খনিজ সমৃদ্ধ বালোচিস্তানে বৃহত্তর স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই পাকিস্তান সেনার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে বালোচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো।