কুলতলীতে মাঝরাতে অপারেশন, বিজেপি কর্মী হত্যা মামলায় জালে আরও দুই

কুলতলীতে মাঝরাতে নাটকীয় অভিযান চালাল পুলিশ। বারুইপুরের বিজেপি কর্মী বাপি প্রামাণিক হত্যা মামলায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে এই চাঞ্চল্যকর মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের হাড়দহ পঞ্চায়েতের উত্তর ট্যাঙ্গেরবেড়িয়ায় একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ, সেই গোলমালের মাঝেই বাপি প্রামাণিককে লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে বিজেপির সাসপেন্ডেড মণ্ডল সভাপতি সুজন মণ্ডল সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। নিহতের পরিবারের দাবি ছিল, এই হত্যাকাণ্ডের মূল রূপকার ছিলেন সুজন মণ্ডলই। তাকে জেরা করেই কুলতলীতে আত্মগোপন করে থাকা সনাতন মণ্ডল ও শুভঙ্কর প্রসাদ নামের দুই অভিযুক্তের সন্ধান পান তদন্তকারীরা।
আজই ধৃত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। এই খুনের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না এবং ঘটনায় ধৃতদের সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, তা জানতে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে।