কার্টুন বিতর্কে হাইকোর্টে বড় স্বস্তি শ্রীলেখার, বিচারপতির প্রশ্ন— ‘সুস্থ নাগরিক এমন ছবি পোস্ট করবেন?’

প্রধানমন্ত্রীর বিকৃত কার্টুন আঁকা পোস্টার হাতে মিছিলে হাঁটার অভিযোগে বিপাকে পড়া অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে সাময়িক আইনি রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। সিজেপি-র আন্দোলনে সংহতি জানাতে গিয়ে বিতর্কিত ফেস্টুন বহনের অপরাধে তাঁর বিরুদ্ধে আনন্দপুরসহ একাধিক থানায় এফআইআর দায়ের করে পুলিশ ও বিজেপি নেতৃত্ব। শ্রীলেখার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা খারিজের আর্জি জানিয়ে বলেন, ফেস্টুনটি রুচিহীন হতে পারে কিন্তু তা অপরাধ নয়। অন্যদিকে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ মন্তব্য করে, একজন সুস্থ নাগরিকের কাছ থেকে এমন ছবি আশা করা যায় না।
তবে অভিযোগে উল্লিখিত সাজার মেয়াদ সাত বছরের কম হওয়ায় এবং অভিনেত্রী পুলিশকে সহযোগিতা করায় তাঁকে ২৪ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশ অনুযায়ী, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগের তদন্ত একত্রে চালাবে আনন্দপুর থানা এবং জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে। যদি তিনি তদন্তে অসহযোগিতা করেন, তবে পুলিশকে বিষয়টি আদালতে জানানোর স্বাধীনতা দেওয়া হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।