অভিষেক বিদেশে পা দিতেই ধাক্কা! ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ দমকলের

অভিষেক বিদেশে পা দিতেই ধাক্কা! ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ দমকলের

আদালতের অনুমতি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে পাড়ি দিতেই এক নতুন বিতর্কের সূচনা হলো। তাঁর ৯ নম্বর অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির (ক্যামাক স্ট্রিট) বহুল পরিচিত রাজনৈতিক কার্যালয়টি খালি করার নির্দেশ পাঠাল রাজ্য দমকল বিভাগ।

শুক্রবার দমকল দফতরের ডিরেক্টর-ইন-চার্জের পক্ষ থেকে দুটি পৃথক নোটিশ জারি করা হয়েছে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, ওই বহুতল ভবনের বেসমেন্ট এবং ষষ্ঠ ও সপ্তম তল অবিলম্বে খালি করতে হবে। দমকল বিভাগের দাবি, ভবনে সাধারণ জননিরাপত্তার জন্য প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ পরিকাঠামোয় বড় ধরনের ঘাটতি রয়েছে। এছাড়া, ২০২৩ সালের ১০ আগস্ট ইস্যু করা ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ সম্প্রতি শেষ হয়ে গেলেও তা নির্দিষ্ট সময়ের মধ্যে পুনর্নবীকরণ করা হয়নি।

তৃণমূলের সেনাপতি দেশ ছাড়ার পরপরই প্রশাসনিক এই পদক্ষেপে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছেন, প্রশাসনিক নিয়মের দোহাই দিয়ে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুনির্দিষ্টভাবে টার্গেট করা হচ্ছে। একদিকে অভিষেকের বিদেশ সফর, আর অন্যদিকে কার্যালয় খালি করার এই চরমপত্র—সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক তরজা উস্কে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *