পরিকাঠামো বেহাল, অথচ উপাচার্যের বাসভবন সাজাতে দেড় কোটি! বিশ্বভারতীতে তুমুল বিতর্ক, কী জানালেন ভিসি?

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস, পানীয় জল ও নিকাশি ব্যবস্থার মতো একাধিক পরিকাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’-র আধুনিকীকরণে প্রায় দেড় কোটি টাকা ব্যয় নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তপশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু ফোরামের অভিযোগ, শিক্ষার মানোন্নয়নে জোর না দিয়ে উপাচার্যের বাসভবন সংস্কারের পেছনে বিপুল অর্থ উড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছে তারা। পূর্তদপ্তরের তথ্য অনুযায়ী, বাড়ি সংস্কার, আসবাবপত্র, এসি এবং সীমানা প্রাচীর নির্মাণ-সহ একাধিক খাতে এই বিশাল অঙ্কের টাকা ব্যয় করা হয়েছে।
এই বিতর্কের আবহে শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি খোলসা করেছেন বর্তমান উপাচার্য প্রবীরকুমার ঘোষ। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিশ্ববিদ্যালয়ের বদনাম করার উদ্দেশ্যেই এমনটা রটানো হচ্ছে। তিনি জানান, পূর্বতন উপাচার্যদের আমলেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং ২০১৯ সালে এই খাতে ৪ কোটি ৯৫ লক্ষ টাকা বরাদ্দ হয়। দীর্ঘদিন ধরে টাকাটি কেন্দ্রীয় পূর্তদপ্তরে পড়েছিল, তিনি কেবল ইঞ্জিনিয়ারিং বিভাগকে কাজের প্রশাসনিক অনুমতি দিয়েছেন মাত্র। উপাচার্যের স্পষ্ট বার্তা, তিনি যতদিন আছেন ছাত্রছাত্রীদের স্বার্থে ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নেই কাজ করে যাবেন।