রাজপথে উপচে পড়া ভিড়, অথচ সংগঠনে খাঁ খাঁ! সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ফাঁস বিস্ফোরক তথ্য

রাজ্যের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তরুণ-তরুণীদের সক্রিয় উপস্থিতি দেখা গেলেও সিপিএমের মূল সংগঠনে তার ইতিবাচক প্রতিফলন ঘটছে না। পার্টির সাম্প্রতিক অভ্যন্তরীণ পর্যালোচনা রিপোর্টে উঠে এসেছে এক চরম উদ্বেগের ছবি। সেখানে দেখা যাচ্ছে, রাজ্যে দলের সদস্যসংখ্যা বৃদ্ধির বদলে উল্টে সামান্য কমেছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, পার্টির ৬০ শতাংশের বেশি শাখাই বর্তমানে সহকারী সম্পাদকহীন এবং বহু শাখায় কোনো মহিলা সদস্যই নেই। এমনকি মোট সদস্যের মধ্যে ৩০ বছরের কম বয়সিদের অনুপাতও অত্যন্ত নগণ্য, যা লাল শিবিরের ভবিষ্যত নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।
প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, রাজপথে সক্রিয় ছাত্র-যুবদের সংগঠিত করে সদস্যপদে উন্নীত করার কাজে বড় ঘাটতি রয়ে গেছে। পাশাপাশি তফশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু সমাজ থেকে নতুন নেতৃত্ব তুলে আনার ক্ষেত্রেও রয়েছে পরিকল্পিত উদ্যোগের অভাব। এই পরিস্থিতিতে আরএসএস ও বিজেপির মতো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াই গড়ে তুলতে গতানুগতিক ধারায় পরিবর্তনের ডাক দিয়েছে নেতৃত্ব। কল্যাণীতে আয়োজিত রাজ্য কমিটির অধিবেশনে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিয়মিত সাংগঠনিক ‘চেক-আপ’, ত্রুটি সংশোধন এবং নির্দিষ্ট দায়বদ্ধতা নিশ্চিত না করলে সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব নয়।