১৪১৩ দিন ক্ষমতার রদবদল নেই! যুদ্ধোত্তর ইটালির মসনদে ইতিহাস গড়ে নরেন্দ্র মোদির নজর কাড়লেন মেলোনি

যুদ্ধোত্তর ইটালির রাজনীতিতে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী নেতা হিসেবে নিজের নাম ইতিহাসে তুলে নিলেন তিনি। ২০২২ সালের অক্টোবর মাসে ইটালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে টানা ১৪১৩ দিন এই পদে আসীন রয়েছেন তিনি। এর আগে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতার জন্য পরিচিত এই রাষ্ট্রে ৬৮টি সরকার পরিবর্তন হয়েছে। এর আগে এই তালিকার শীর্ষে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি দ্বিতীয় দফায় মোট ১৪১২ দিন দায়িত্ব সামলেছিলেন। একদিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে মেলোনি প্রমাণ করেছেন রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব কতটা কার্যকর।
তাঁর এই ঐতিহাসিক সাফল্যে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে মেলোনিকে উদ্দেশ করে পাঠানো বার্তায় মোদি উল্লেখ করেন, যুদ্ধোত্তর ইটালিতে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার এই রেকর্ড সে দেশের জনগণের আস্থারই প্রতিফলন। এছাড়া, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে মেলোনির বন্ধুত্বের কথাও তুলে ধরেন তিনি। রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মুখেও মেলোনির এই ধারাবাহিকতা এবং ভারত-ইটালির কূটনৈতিক সম্পর্কের নতুন সমীকরণ আন্তর্জাতিক মহলে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।