চোখে চোখ রেখে যুদ্ধ! মুহুর্মুহু গুলিবৃষ্টি ও শক্তিশালী বিস্ফোরণে বালোচিস্তানে নিকেশ ২৫ পাক সেনা

মুহুর্মুহু গুলিবৃষ্টি ও শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল বালোচিস্তান। জিয়ারত ও সুরাব এলাকায় পৃথক দুটি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন পাক সেনা জওয়ান। বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ এই ভয়াবহ হামলার সম্পূর্ণ দায় স্বীকার করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিশেষ স্কোয়াড অতর্কিতে হামলা চালিয়ে পাক সেনার একাধিক কনভয় গুঁড়িয়ে দিয়েছে। হামলা এতটাই তীব্র ছিল যে পাকিস্তানি জওয়ানরা প্রত্যাঘাত করার বিন্দুমাত্র সুযোগও পায়নি। বিগত বেশ কিছুদিন ধরেই পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই জোরদার করেছে বালোচ বিদ্রোহীরা।
বালোচিস্তানের স্বাধীনতাকামী এই বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে লিপ্ত রয়েছে। এর আগে গত ১১ আগস্ট একটি স্বাধীন ঘোষণা করে তারা দাবি করেছিল, ওই অঞ্চলের সিংহভাগ এলাকা এখন তাঁদেরই সম্পূর্ণ নিয়ন্ত্রণে। খনিজ সম্পদে সমৃদ্ধ এই প্রদেশে পাক প্রশাসনের শোষণ ও নির্যাতনের প্রতিবাদেই মূলত এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির পর থেকে পরিস্থিতির অবনতি হয়েছে। সব মিলিয়ে, পাক সেনার উপর এই সাম্প্রতিক ও রক্তক্ষয়ী আক্রমণ পরিস্থিতিকে এক নতুন জটিল মোড়ে দাঁড় করিয়েছে।