মার্কিন ক্ষেপণাস্ত্র হানায় ছারখার ইরানের ‘জীবনরেখা’! পারস্য উপসাগরে বিরাট অঘটন?

পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে এক ভয়ংকর মার্কিন হামলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শনিবার ওই দ্বীপের বন্দরে পণ্য খালাস করার সময় একটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে পরপর চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ঘটনায় ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো ধোঁয়া দেখতে পাওয়ার খবর মেলেনি। তবে ট্যাঙ্কারটির কতটা ক্ষতি হয়েছে কিংবা এতে কোনো প্রাণহানি ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এই অতর্কিত হামলা নিয়ে তেহরানের তরফেও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জারি করা হয়নি।
দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে ১৫ নটিক্যাল মাইল দূরের এই খার্গ দ্বীপটি অর্থনৈতিকভাবে ইরানের মূল চাবিকাঠি। এখান থেকে দেশটি দৈনিক প্রায় ১.৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি করে থাকে। বিশাল তেলের মজুত ভাণ্ডারের পাশাপাশি দ্বীপটিতে দেশটির একটি গুরুত্বপুর্ণ সামরিক ঘাঁটিও অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই দ্বীপে বড় ধরনের আঘাত বা সামরিক বিপর্যয় ঘটলে পঙ্গু হয়ে পড়তে পারে তেহরানের পুরো অর্থনীতি। পারস্য উপসাগরের আকাশে এখন চরম অনিশ্চয়তা ও তীব্র সামরিক উত্তেজনার মেঘ ঘনীভূত হচ্ছে।