পুজোর আগেই ধামাকা! এক লাফে বাড়ল ভাতা, সোমবার থেকেই অ্যাকাউন্টে ঢুকছে ১৫০০ টাকা

সামনেই দুর্গাপুজো। তার আগে রাজ্যের প্রায় ৬২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে চলেছে বর্ধিত সামাজিক সুরক্ষা ভাতার টাকা। আগামী সোমবার থেকে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতার এই অর্থ সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছানো শুরু হবে। এর পাশাপাশি, সম্প্রতি জনকল্যাণ শিবিরে আবেদন জানানো প্রায় সাড়ে সাত লক্ষ নতুন উপভোক্তাও সরাসরি এই সুবিধার আওতায় আসছেন। সবমিলিয়ে পুজোর আগে এই আর্থিক সহায়তা সাধারণ মানুষের অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্ধিত এই ভাতার পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। আগামী সোমবার নবান্ন সভাঘরে আনুষ্ঠানিকভাবে এই বর্ধিত ভাতার বিতরণ প্রক্রিয়ার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমের ঠিক আগে সরকারের এই পদক্ষেপে উপকৃত মানুষের মুখে হাসি ফুটবে বলেই আশা করা হচ্ছে।