নজরে ‘Gen Z’ ও মোদির জন্মদিন: পুরভোটের আগে বিজেপির মেগা মাস্টারপ্ল্যান

আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন জোরদার করতে কোমর বাঁধছে বিজেপি। নতুন প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী একাধিক মেগা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও রাজ্য নেতৃত্বের সাংগঠনিক বৈঠকে পুরভোটের কৌশল ও এই সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এবার বিজেপির বিশেষ নজরে রয়েছে ‘Gen Z’ বা তরুণ প্রজন্ম। তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক নিবিড় করতে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক-সাংগঠনিক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, আগামীর প্রজন্মের সঙ্গে দলের সংযোগ আরও মজবুত করতেই এই উদ্যোগ, যা সর্বভারতীয় স্তরেও পালন করা হবে।
পুরভোটের প্রার্থী নির্বাচনে এবার কোনো ঝুঁকি নিতে নারাজ গেরুয়া শিবির। মিডিয়ায় কৌশল ফাঁস না করে সরাসরি বুথ স্তরের কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। দলীয় সূত্রে খবর, একটি নির্দিষ্ট নিয়ম বা SOP মেনে সম্ভাব্য প্রার্থীদের নিজস্ব গ্রহণযোগ্যতা, সাংগঠনিক ক্ষমতা এবং জয়ের সম্ভাবনা কড়া মূল্যায়নের পর তবেই চূড়ান্ত টিকিট দেওয়া হবে।
নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নকশাল মতাদর্শ নিয়ে ফের সরব হয়েছেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী মোদির ‘দিমাগী নকশাল’ মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক সরকারি বেতন নিয়েও ভারতবিরোধী মানসিকতা পোষণ করছেন।
সব মিলিয়ে, একাধারে নতুন প্রজন্মের সমর্থন আদায় এবং অন্যাধারে সুনির্দিষ্ট কৌশলে প্রার্থী নির্বাচন করে আসন্ন পুরভোটে সর্বশক্তি ঝাঁপাতে প্রস্তুত বিজেপি।