বাবার নাম রামচন্দ্র, ছবির জায়গায় হনুমানজি! রাজস্থানের ভোটার তালিকায় আজব কাণ্ড

বাবার নাম রামচন্দ্র, ছবির জায়গায় হনুমানজি! রাজস্থানের ভোটার তালিকায় আজব কাণ্ড

আসন্ন পুরসভা নির্বাচনের মুখে রাজস্থানের কোটায় ভোটার তালিকা ঘিরে তৈরি হলো এক অবিশ্বাস্য বিতর্ক। হরিয়ানার ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি বিতর্ক থিতু হওয়ার আগেই, এবার কোটা পুরনিগম এলাকায় সাধারণ মানুষের ছবির জায়গায় স্বয়ং ভগবান হনুমানের ছবি ছাপার ঘটনা সামনে এলো।

জানা গিয়েছে, কোটার ২৯ নম্বর ওয়ার্ডের কানসুয়া এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সি জগদীশ নামের এক ব্যক্তির ভোটার তথ্যে এই মারাত্মক ভুল ধরা পড়েছে। কাকতালীয়ভাবে তাঁর বাবার নাম রামচন্দ্র, আর সেই নামের সুযোগ নিয়েই কেউ এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এটি কারিগরি ত্রুটি নাকি উদ্দেশ্যপ্রণোদিত মশকরা, তা স্পষ্ট নয়।

ঘটনাটি জানাজানি হতেই নির্বাচনী প্রচারের মাঝে সরব হয়েছেন স্থানীয় বিজেপি প্রার্থী বদ্রী আর্য। অন্যদিকে, সংশ্লিষ্ট বিএলও (BLO) রাজেশ গুপ্তা পুরো দায় এড়িয়ে জানান যে অফলাইনে জমা হওয়া ফর্মে এই ভুল তাঁর মাধ্যমে হয়নি। অদ্ভুত বিষয় হলো, ভোটার তালিকায় নাম থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তি জগদীশের এই মুহূর্তে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে চলার মুখে এই গাফিলতি প্রশাসনিক গাফিলতি ও নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *