ফোন হঠাৎ হ্যাং বা ফ্রিজ় হয়ে যাচ্ছে? সাবধান! এক ক্লিকেই ফাঁকা হতে পারে আপনার UPI অ্যাকাউন্ট

ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা যত বাড়ছে, সাইবার অপরাধীদের প্রতারণার নতুন নতুন কৌশলও তত সামনে আসছে। সম্প্রতি এক ভয়াবহ জালিয়াতির ছক নিয়ে সতর্ক করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ফোনের স্ক্রিন হঠাৎ হ্যাং বা ‘ফ্রিজ়’ হয়ে যাওয়াকে সাধারণ প্রযুক্তিগত ত্রুটি ভেবে অবহেলা করলেই নেমে আসতে পারে বড় বিপদ! মুহূর্তের মধ্যে আপনার UPI অ্যাকাউন্ট খালি করে দিতে পারে প্রতারকরা।
কীভাবে ছড়ানো হচ্ছে এই ফাঁদ? সোশ্যাল মিডিয়ায় কোনও অপরিচিত লিঙ্ক, ভুয়া বিজ্ঞাপন বা সন্দেহজনক ওয়েবসাইটে ক্লিক করার পরপরই অনেক সময় ফোনের স্ক্রিন থমকে যায়। এরপর স্ক্রিনে ভেসে ওঠে একটি ভুয়া ‘Error Message’। আতঙ্কিত হয়ে পড়ার এই সুযোগকেই কাজে লাগায় প্রতারকরা।
ব্যাঙ্ক, কাস্টমার কেয়ার বা টেকনিক্যাল সাপোর্ট স্টাফ সেজে ফোন করে তারা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা UPI-এর সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভুয়া অ্যাপ ডাউনলোড করতে বা নতুন লিঙ্কে ক্লিক করতে বলে। আর তাতেই মারাত্মক ভুলটি করে বসেন ব্যবহারকারীরা।
ম্যালিশিয়াস অ্যাপের আসল বিপদ: নিরাপত্তা সংস্থা Quick Heal Technologies-এর সিইও হরিশ কুমার জানান, স্ক্রিন ফ্রিজ় করাটা মূলত ব্যবহারকারীকে বিভ্রান্ত করার একটি কৌশল। প্রতারকদের পাঠানো ক্ষতিকর বা ম্যালিশিয়াস অ্যাপ ফোনে ইনস্টল করে ‘Permission’ দিয়ে দিলেই ফোনের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে।
Futurex-এর সাউথ এশিয়া ভাইস প্রেসিডেন্ট রুচিন কুমারের মতে, সাইবার অপরাধীদের UPI-এর আসল সিকিউরিটি সিস্টেম ভাঙতে হয় না। বরং তারা স্ক্রিন শেয়ারিং, পারমিশন ও ফিশিং পেজের মাধ্যমে ফোনের নোটিফিকেশন ও মেসেজ পড়ার ক্ষমতা জোগাড় করে। ফলে আপনার ফোনে আসা OTP, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এমনকি UPI PIN-ও নিমেষেই পৌঁছে যায় প্রতারকদের কাছে।
ফোন হঠাৎ ফ্রিজ় হয়ে গেলে কী করবেন?
- ইন্টারনেট বন্ধ করুন: স্ক্রিন আটকে গেলে কালবিলম্ব না করে দ্রুত মোবাইলের ডেটা এবং Wi-Fi বন্ধ করে দিন।
- তথ্য শেয়ার করবেন না: ফোনে যা-ই বলা হোক না কেন, কোনও পাসওয়ার্ড, OTP বা UPI PIN কাউকে দেবেন না।
- APK অ্যাপ ইনস্টল নয়: ফোন ঠিক করার নামে কেউ অপরিচিত কোনো APK ফাইল বা থার্ড-পার্টি অ্যাপ ইনস্টল করতে বললে ভুলেও তা করবেন না।
- অ্যাপ পারমিশন পরীক্ষা করুন: ফোনের ‘Accessibility’ বা ‘Device Administrator Permission’ চেক করুন এবং সন্দেহজনক কোনো অ্যাপ থাকলে দ্রুত ডিলিট করুন।
- সিকিউরিটি স্ক্যান: প্রয়োজনে ভালো অ্যান্টিভাইরাস দিয়ে ফোনটি স্ক্যান করে নিন।
টাকা চুরি হয়ে গেলে দ্রুত করণীয়: যদি দুর্ভাগ্যবশত আপনি আর্থিক প্রতারণার শিকার হন, তবে বিন্দুমাত্র সময় নষ্ট না করে জাতীয় সাইবার হেল্পলাইন নম্বর ১৯৩০ (1930)-এ কল করে অভিযোগ জানান। পাশাপাশি দ্রুত আপনার সংশ্লিষ্ট ব্যাঙ্ককে বিষয়টি অবহিত করে অ্যাকাউন্ট ব্লক করার ব্যবস্থা নিন।