নাদনঘাটে ৫০০ বছরের প্রাচীন মন্দির দখলের চেষ্টা, সেবাইতকে প্রহার ও লুটপাট

নাদনঘাটে ৫০০ বছরের প্রাচীন মন্দির দখলের চেষ্টা, সেবাইতকে প্রহার ও লুটপাট

নাদনঘাট: ৫০০ বছরের প্রাচীন শ্রীশ্রী গৌর গদাধর মন্দিরে হামলা চালিয়ে সেবাইতকে মারধর, লুটপাট এবং মন্দির দখলের গুরুতর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানা এলাকার নিমতলা বাজারের উঁচু চাঁপাহাটিতে। আক্রান্ত সেবাইত নিত্যানন্দ ব্রহ্মচারীর দাবি, গত ১ সেপ্টেম্বর কয়েকজন সন্ন্যাসী ও স্থানীয় বাসিন্দা মিলে তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে মন্দির থেকে বের করে দেয়।

অভিযোগ অনুযায়ী, দুষ্কৃতীরা তাঁর ঘরের তালা ভেঙে ভক্তদের দেওয়া বৈদেশিক মুদ্রা (ডলার ও ইউরো), প্রণামীর কয়েক লক্ষ টাকা, বিভিন্ন ভাষায় লেখা হরিকথার গুরুত্বপূর্ণ ডায়েরি এবং তাঁর গুরুত্বপূর্ণ প্যান ও অন্যান্য পরিচয়পত্র লুট করে নিয়ে যায়। গত ৩০ বছর ধরে মন্দিরের দেখভালের দায়িত্বে থাকা ওই সেবাইত জানান, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক মন্দির দখলের উদ্দেশ্যেই এই তাণ্ডব চালানো হয়েছে। প্রাণনাশের হুমকির কারণে তিনি বর্তমানে মন্দিরে প্রবেশ করতে পারছেন না।

সম্প্রতি ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। ভিডিয়োতে কয়েকজন দুষ্কৃতীকে মন্দিরের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে অর্থ বের করে গুনতে দেখা গিয়েছে। সুবিচারের দাবিতে নাদনঘাট থানায় ইমেলের মাধ্যমে লিখিত অভিযোগ পাঠিয়েছেন সেবাইত। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেও পুলিশে একটি গণ-আবেদন জমা দেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *