৯৫.৭% পেয়েও শিবপুরে মেলেনি সুযোগ, ২২ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা থানের পড়ুয়ার

থানে: দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের পরীক্ষায় ৯৫.৭ শতাংশ নম্বর পেয়েও মিলল না পছন্দের প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। কাঙ্ক্ষিত কলেজে স্থান না পাওয়ার হতাশায় ২২ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ১৭ বছর বয়সি এক কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের ঘোড়বন্দর রোড এলাকার হিরানন্দানি এস্টেটের একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে।
পুলিশ সূত্রের খবর, মৃত পড়ুয়া কলকাতার শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (IIEST) ‘বিএস-এমএস ডুয়াল ডিগ্রি’ (BS-MS dual degree) কোর্সে ভর্তি হতে চেয়েছিল। কিন্তু প্রবেশিকা পরীক্ষায় (Aptitude Test) ১০,৪৭৪তম স্থান অর্জন করায় সেখানে ভর্তির সুযোগ মেলেনি। পরীক্ষায় অসামান্য ফল সত্ত্বেও পছন্দের প্রতিষ্ঠানে সুযোগ না পাওয়ায় গভীর হতাশায় তলিয়ে যায় সে।
ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সাইকেল চালানোর কথা বলে বাড়ি থেকে বেরোয় ওই কিশোর। এর কিছুক্ষণ পরেই পরিবারের যৌথ হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের জীবন শেষ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে একটি বার্তা পাঠায় সে। বার্তাটি দেখে পরিবারের সদস্যরা তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পান। বিপদ বুঝে তাঁরা দ্রুত স্থানীয় কাসারভাদাবলি থানায় যোগাযোগ করেন।
পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বহুতল ভবনের ২২ তলার ‘রিফিউজ় এরিয়া’র নিচে ওই কিশোরকে গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পড়াশোনা সংক্রান্ত মানসিক চাপ এবং কাঙ্ক্ষিত কলেজে সুযোগ না পাওয়ার হতাশাই কিশোরের এই চরম সিদ্ধান্তের কারণ বলে ধারণা পুলিশ ও স্বজনদের।