৯/১১ হামলায় আল-কায়দা যোগ? বিবিসির চাঞ্চল্যকর ভিডিও ও নথিতে নতুন তোলপাড়

আমেরিকায় ৯/১১ সন্ত্রাসী হামলার দুই দশক পেরিয়ে গেলেও এর অন্যতম প্রধান সন্দেহভাজন সৌদি নাগরিক ওমর আল-বায়ুমিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ একটি পুরোনো ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করার পর বিশ্বজুড়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।
সান দিয়েগো ঘাঁটি ও জঙ্গিযোগ: ১৯৯৪ সালে ইংরেজি শেখার অজুহাতে আমেরিকা আসেন সৌদি নাগরিক ওমর আল-বায়ুমি। তবে সান দিয়েগোতে অবস্থানকালে ধর্মীয় কর্মকাণ্ডেই তাঁর মূল আগ্রহ প্রকাশ পায়। তদন্তকারীদের দাবি, ৯/১১ হামলার দুই বিমান ছিনতাইকারী—নওয়াফ আল-হাজমি এবং খালিদ আল-মিধারের সঙ্গে তাঁর সরাসরি পরিচয় ছিল এবং তিনি তাদের বাসা ভাড়ার সুবিধাও করে দিয়েছিলেন।
আল-কায়দা নেতার সঙ্গে ভিডিও চিত্র: বিবিসি-র হাতে আসা ১৯৯৭-৯৮ সালের একটি পুরোনো ভিডিওতে দেখা যায়, বায়ুমি সেনাসদৃশ পোশাকে আল-কায়দার তৎকালীন প্রভাবশালী নেতা আনোয়ার আল-আওলাকির সঙ্গে ‘পেন্টবল’ খেলায় মেতে আছেন। আওলাকি পরে ২০১১ সালে ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। বিশ্লেষকদের মতে, এই ভিডিও হামলার সরাসরি প্রমাণ না হলেও, পরবর্তীকালে আল-কায়দার শীর্ষ নেতা হয়ে ওঠা ব্যক্তির সঙ্গে বায়ুমির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে স্পষ্ট করে।
বিমানের খাতা ও গাণিতিক নকশা: হামলার পরপরই ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ব্রিটেন থেকে গ্রেফতার করা হয় বায়ুমিকে। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নথি ও ৮০টি ভিডিও উদ্ধার করে ব্রিটিশ পুলিশ। এর মধ্যে একটি নোটবুকে বিমানের স্কেচ এবং উচ্চতা ও লক্ষ্যের দূরত্ব সংক্রান্ত জটিল গাণিতিক হিসাব পাওয়া যায়। নিহতদের পরিবারের আইনজীবীদের মতে, এই গাণিতিক হিসাবই প্রমাণ করে যে বিমান হামলার পরিকল্পনায় তাঁর সক্রিয় হাত ছিল।
তদন্তে অচলাবস্থা ও সৌদি যোগসূত্র: বায়ুমির বিরুদ্ধে এত প্রমাণ থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি। ব্রিটিশ পুলিশের হাতে জব্দ হওয়া নথিগুলো সময়ে মার্কিন তদন্তকারী সংস্থা FBI-এর কাছে পৌঁছায়নি। প্রশাসনিক সমন্বয়ের অভাব এবং সৌদি কর্তাদের জিজ্ঞাসাবাদ করতে না পারায় তদন্তের গতি থমকে যায়।
অন্যদিকে, ৯/১১ হামলায় নিহতদের পরিবার সৌদি সরকারের বিরুদ্ধে ১ ট্রিলিয়ন ডলারের মামলা দায়ের করেছে। তাদের দাবি, সৌদি সরকারের ভেতরের কিছু লোক হামলাকারীদের সাহায্য করেছিল এবং বায়ুমি ছিলেন সেই চক্রান্তের অন্যতম মাধ্যম। যদিও সৌদি আরব এই সমস্ত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে।
বিবিসির এই নতুন তথ্য বায়ুমিকে নিয়ে পুরোনো প্রশ্নগুলোকেই আবার সামনে তুলে আনল—তিনি কি শুধুই এক রহস্যময় সংযোগকারী, নাকি ৯/১১ হামলার মূল ষোড়যন্ত্রীদের অন্যতম প্রধান কারিগর?