পুজোর আগেই বড় সুখবর! চা শ্রমিকদের জন্য ২০% বোনাস ঘোষণা সরকারের

পুজোর আগেই বড় সুখবর! চা শ্রমিকদের জন্য ২০% বোনাস ঘোষণা সরকারের

উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের জন্য এলো বড় স্বস্তির খবর। দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের চা-বাগান শ্রমিকদের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে ২০% হারে বোনাস নির্ধারণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ৫ অক্টোবরের মধ্যে সমস্ত শ্রমিককে তাঁদের বোনাসের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত উত্তরবঙ্গের লক্ষাধিক চা শ্রমিক ও তাঁদের পরিবারের আর্থিক চাপ দূর করতে সাহায্য করবে।

রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, চা শ্রমিকদের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি মেনে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিপূর্বে ৩১ আগস্ট শ্রমমন্ত্রীর কাছে তিনি নিজেই ২০% বোনাসের আবেদন জানিয়েছিলেন। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল ও সমতলের অর্থনীতি মূলত চা শিল্পের ওপর নির্ভরশীল হওয়ায় পুজোর মুখে এই অর্থ শ্রমিকদের হাতে পৌঁছানো অত্যন্ত জরুরি ছিল।

অতীতের অনিয়ম ও বোনাস পেতে বিলম্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সাংসদ বলেন, আগে বোনাস নিয়ে যে টালবাহানা ও দফায় দফায় টাকা দেওয়ার অনিশ্চয়তা তৈরি হতো, তার ফলে শ্রমিকদের প্রায়ই আন্দোলনে নামতে হতো। তবে এবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে বোনাস প্রদানের আদেশে শ্রমিকদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটবে এবং তাঁদের আর ন্যায্য পাওনার দাবিতে রাস্তায় নামতে হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *