কোটি কোটি টাকা ঢালেও শেষ হয়নি কাজ! মুম্বই-গোয়া হাইওয়ে নিয়ে ‘লজ্জিত’ নিতিন গড়করি, বয়কট করবেন উদ্বোধন

বছরের পর বছর সময় গড়াচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে—তবুও শেষ হওয়ার নাম নেই মুম্বই-গোয়া হাইওয়ে সম্প্রসারণের কাজ। খানাখন্দ, জলজমা আর তীব্র যানজটে যাত্রীদের নাভিশ্বাস ওঠার জোগাড়। এই পরিস্থিতিতে নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারলেন না কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। কাজের এই গাফিলতি নিয়ে প্রকাশ্যে নিজের ‘লজ্জা’ প্রকাশ করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কাজ শেষ হলেও এই হাইওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যাবেন না।
বুধবার পানাজির কাছে একটি ৬ লেনের এলিভেটেড রোড করিডরের উদ্বোধন করতে গিয়ে গড়করি জানান, কাজের চরম ধীরগতিতে তিনি লজ্জিত। আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী অক্টোবর মাসে মুম্বই বিমানবন্দরে নেমে নিজে সড়কপথে গোয়া যাবেন এবং পুরো রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখবেন।
প্রায় ৪৪০ কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ের সম্প্রসারণ নিয়ে অভিযোগের অন্ত নেই। সম্প্রতি বর্ষার শুরুতেই নতুন তৈরি রাস্তার পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। খারপাড়া টোল প্লাজায় টোল আদায় চালু হলেও যাত্রীদের ঘোরানো পথে চলতে হচ্ছে। এমনকি ২০২১ সালে তৈরি হওয়া বাঁদরদের রাস্তা পারাপারের বিশেষ ওভারপাসটিও ভেঙে পড়েছে।
কাজে ঢিলেমি ও গাফিলতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানান, দায়িত্বে অবহেলা করা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এক বছরের মধ্যে সর্বাধিক ঠিকাদারকে ‘ব্ল্যাকলিস্ট’ করার রেকর্ড গড়াই এখন তাঁর লক্ষ্য। পরিকাঠামো গঠনে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি।