‘লাইট ডিউটি’র নামে ঘুষের অভিযোগ, পাণ্ডবেশ্বরে ইসিএল আধিকারিকের বাড়িতে সিবিআই হানা

‘লাইট ডিউটি’র নামে ঘুষের অভিযোগ, পাণ্ডবেশ্বরে ইসিএল আধিকারিকের বাড়িতে সিবিআই হানা

অসুস্থ কর্মীর থেকে ‘লাইট ডিউটি’ পাইয়ে দেওয়ার নামে ঘুষ চাওয়ার অভিযোগে সরগরম পাণ্ডবেশ্বর। বুধবার গভীর রাতে সাউথ শ্যামলা কোলিয়ারির শীর্ষ আধিকারিক সংকর্ণন হরিজনের বাসভবন ও ইসিএলের (ECL) কার্যালয়ে একযোগে আচমকা অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় রাতভর চলা এই তল্লাশি অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

তবে সিবিআই হানার সময় বাড়িতে বা কার্যালয়ে অনুপস্থিত ছিলেন অভিযুক্ত আধিকারিক সংকর্ণন হরিজন। তদন্তের স্বার্থে ও বিশদ তথ্যের খোঁজে তাঁর ছেলে পঙ্কজ হরিজনকে জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে নিয়ে যান তদন্তকারীরা।

সিবিআই সূত্রে খবর, কোলিয়ারির এক অসুস্থ কর্মী শারীরিক চাপ কম এমন কাজের (লাইট ডিউটি) আবেদন করেছিলেন। অভিযোগ, সেই সুযোগ করে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ দাবি করেন ওই ইসিএল আধিকারিক। অভিযোগের সত্যতা বিচারে তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

ঘটনার প্রত্যক্ষদর্শী মতিউর রহমান জানান, গভীর রাতে সিবিআইয়ের একটি প্রতিনিধি দল এসে দীর্ঘ সময় ধরে ঘর ও অফিস ঘুরে তল্লাশি চালায় এবং নানা নথিপত্র খতিয়ে দেখে। আধিকারিককে না পেয়ে শেষমেশ তাঁর ছেলেকে তদন্তের কাজে নিয়ে যাওয়া হয়। এই ঘুষের চক্রে অন্য কারও যোগ রয়েছে কি না এবং বাজেয়াপ্ত নথির গুরুত্ব কতটা, তা খতিয়ে দেখছে সিবিআই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *