SSC শিক্ষক নিয়োগে অমৃতা সিনহার নতুন পর্যবেক্ষণ, ১৮ সেপ্টেম্বরের দিকে নজর লাখ লাখ প্রার্থীর

স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে নবম-দশম ও একাদশ-দ্বাদশের ৩৬ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আবারও তৈরি হলো বড়সড় অনিশ্চয়তা। ওবিসি-এ (OBC-A) এবং ইডব্লিউএস (EWS) সংরক্ষণ সংক্রান্ত একটি নতুন মামলার জেরে কলকাতা হাইকোর্টে তৈরি হয়েছে নতুন আইনি জট। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা।
সার্টিফিকেটের জট ও আদালতের পর্যবেক্ষণ আদালত সূত্রে জানা গেছে, বিগত ১৫ বছর ধরে সার্টিফিকেটের আইনি জটিলতার কারণে বহু যোগ্য প্রার্থী শুধুমাত্র ওবিসি-এ ক্যাটেগরির আওতাতেই আটকে ছিলেন। শুনানির সময় বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ—প্রয়োজনে এই পরীক্ষার্থীদের ইডব্লিউএস সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য নতুন আবেদনের পথ খোলা রাখা উচিত। আর এই আবেদনের আইনি ফয়সালার ওপরই নির্ভর করছে হাজার হাজার প্রার্থীর ভাগ্য।
এসএসসি-র এডিট অপশন ও মূল বিতর্ক বিতর্কের সূত্রপাত গত ২১ আগস্ট এসএসসি-র দেওয়া একটি বিশেষ নির্দেশিকাকে কেন্দ্র করে। সেখানে জানানো হয়, ওবিসি সংরক্ষণের কোটা ১৭% থেকে কমিয়ে ৭% করা হচ্ছে এবং এসএসসি পোর্টাল খুলে ‘এডিট’ অপশনের মাধ্যমে প্রার্থীদের ক্যাটেগরি পরিবর্তনের সুযোগ দেওয়া হবে।
এই নির্দেশিকার পরই প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীদের মূল দাবি, যেহেতু ওবিসি-এ ক্যাটেগরিটি সমস্যায় পড়েছে, তাই সেখানে যোগ্য প্রার্থীদের ১০% ইডব্লিউএস সংরক্ষণের সুযোগ দেওয়া হোক। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের এই মামলা এখন পুরো শিক্ষামহলে আলোচনার শীর্ষে। ১৮ সেপ্টেম্বরের শুনানিতে আদালত কী রায় দেয়, সেদিকেই এখন দিন গুনছেন রাজ্যের লাখ লাখ চাকরিপ্রার্থী।