পুজো ও ছটপুজোয় উপচে পড়া ভিড় সামলাতে পূর্ব রেলের বড় উদ্যোগ

পুজো ও ছটপুজোয় উপচে পড়া ভিড় সামলাতে পূর্ব রেলের বড় উদ্যোগ

আসন্ন দুর্গাপুজো, দীপাবলি এবং ছটপুজোর মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এবং যাতায়াত সহজ করতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। উৎসবের এই দিনগুলিতে ঘরমুখী মানুষের চাপ কমাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে মোট ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, প্রতিটি ট্রেনেই সাধারণ শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং এসি কামরার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সব ধরনের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।

কোন রুটে কবে থেকে চলবে স্পেশাল ট্রেন?

  • শিয়ালদা-পটনা স্পেশাল (03135/03136): ১৩ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার শিয়ালদা থেকে রাত ১২:২০ মিনিটে ছেড়ে ওই দিনই বিকেল ৩টেয় পটনা পৌঁছাবে (মোট ৭টি ট্রিপ)।
  • শিয়ালদা-সীতামারহি স্পেশাল (03133/03134): ১৬ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার শিয়ালদহ থেকে রাত ১১:৪০ মিনিটে ছেড়ে পরদিন বিকেল ৩:৩০ মিনিটে পৌঁছাবে (মোট ৭টি ট্রিপ)।
  • শিয়ালদা-গোরক্ষপুর স্পেশাল (03131/03132): ১৩ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন বিকেল ৩:১৫ মিনিটে গোরক্ষপুর পৌঁছাবে (মোট ১৪টি ট্রিপ)।
  • কলকাতা-মধুবনী স্পেশাল (03185/03186 এবং 03187/03188): ১৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বরের মধ্যে মোট ১৪টি ট্রিপে এই ট্রেনগুলি যাতায়াত করবে।
  • আসানসোল-পটনা ও গোরক্ষপুর স্পেশাল (03511/03512 এবং 03527/03528): ১৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বরের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে।
  • মালদা টাউন-দিঘা স্পেশাল (03465/03466): ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার মালদা থেকে দুপুর ১:১০ মিনিটে ছেড়ে রাত ১১টায় দিঘা পৌঁছাবে (৭টি ট্রিপ)। ফিরতি ট্রেনটি রবিবার দিঘা থেকে রাত ১১:৪০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৯:২০ মিনিটে মালদা টাউন পৌঁছাবে।

স্টপেজ ও টিকিট বুকিং

হাওড়া, শিয়ালদা ও কলকাতা থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ স্পেশাল ট্রেন ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডিহ স্টেশনে থামবে। আসানসোল থেকে ছাড়া ট্রেনগুলি চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর ও জসিডিহে যাত্রাবিরতি করবে। অন্যদিকে, মালদা টাউন-দিঘা স্পেশালটি নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান ও ডানকুনিতে দাঁড়াবে।

এই সমস্ত ট্রেনের টিকিট বুকিংয়ের নির্দিষ্ট তারিখ খুব শীঘ্রই পূর্ব রেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *