ব্যবসায়ীকে মারধর ও দোকানে আগুন: অবশেষে ভিনরাজ্য থেকে গ্রেফতার তৃণমূল নেতা শহিদুল শেখ

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা শহিদুল শেখকে অবশেষে ভিনরাজ্য থেকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় এক ব্যবসায়ীকে মারধর এবং তাঁর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গত ১৮ মে বায়লানি বাজারের ব্যবসায়ী নিতাই দাসকে মারধর করার অভিযোগ ওঠে শহিদুল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই দিন রাতেই নিতাইয়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়, যার ফলে তাঁর কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়। এই ঘটনার তদন্ত শুরু করে হাসনাবাদ থানার পুলিশ।
তবে শুধু এই একটি মামলাই নয়, শহিদুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। পঞ্চায়েতের তহবিল তছরুপ, আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ আদায়, বোমাবাজি এবং স্থানীয়দের হুমকি দেওয়ার মতো নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছিল। দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ না পেয়ে পুলিশের একটি বিশেষ দল ও এসওজি (SOG) যৌথভাবে অভিযান চালিয়ে ভিনরাজ্য থেকে তাঁকে পাকড়াও করে।
রবিবার বিকেলে ধৃত নেতাকে হাসনাবাদে নিয়ে আসা হয় এবং সোমবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হবে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।