মক্কায় ড্রোন হামলার চেষ্টা: উদ্বেগে ভারত, আরবে দ্রুত শান্তির বার্তা দিল্লির

মক্কায় ড্রোন হামলার চেষ্টা: উদ্বেগে ভারত, আরবে দ্রুত শান্তির বার্তা দিল্লির

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার চেষ্টায় চরম উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সৌদি রয়্যাল এয়ার ডিফেন্স ফোর্স সময়মতো ড্রোনটিকে চিহ্নিত করে মাঝআকাশেই ধ্বংস করে দেওয়ায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম মক্কার আকাশসীমায় এমন উচ্চমাত্রার সুরক্ষা সতর্কতা জারি করা হয়, যদিও তা অল্প সময়ের মধ্যেই তুলে নেওয়া হয়।

এই ঘটনার পর ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিমের কাছে অত্যন্ত পবিত্র এই শহরের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। ফলে এই ধরনের আক্রমণ অত্যন্ত স্পর্শকাতর ও গভীর উদ্বেগের। সৌদি আরবের ভৌগোলিক সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা এবং সাধারণ মানুষের জীবন ও অর্থনৈতিক পরিকাঠামোকে বিপদে ফেলার মতো যেকোনো পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়েছে দিল্লি।

অন্যদিকে, ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএবিএ (SABA)-র মাধ্যমে হুথি সামরিক সূত্র মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে সৌদি সামরিক জোটের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, মক্কা ও মদিনার নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য চরম সীমা বা ‘রেড লাইন’, যেখানে কোনো ধরনের আপস করা হবে না।

২০১৫ সাল থেকে চলা হুথি ও সৌদির সংঘাত সম্প্রতি লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা, সাউদি আরামকোর জ্বালানি কেন্দ্রে বিস্ফোরণ এবং প্রধান তেল পাইপলাইনে আঘাতের মাধ্যমে বিশ্ব বাণিজ্য ও তেল সরবরাহে মারাত্মক প্রভাব ফেলেছে। ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারত ও সৌদির বিদেশমন্ত্রীদের বৈঠকের পর মক্কার কাছে সাম্প্রতিক এই ড্রোন আক্রমণের চেষ্টা মধ্যপ্রাচ্যের জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *