“মুখ ধোব না, সবাই দেখুক!” তেহট্টে ডিম-হামলার পর পুলিশকে তোপ মহুয়ার

“মুখ ধোব না, সবাই দেখুক!” তেহট্টে ডিম-হামলার পর পুলিশকে তোপ মহুয়ার

কৃষ্ণনগর: আদালতের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও পুলিশের সামনেই ফের ডিম-হামলার শিকার হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার বিকেলে নদিয়ার তেহট্টের হাউলিয়ায় একটি ঘরোয়া দলীয় বৈঠক সেরে গাড়িতে ওঠার সময় এই ঘটনা ঘটে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং ক্ষোভে ফেটে পড়ে তৎক্ষণাৎ ফেসবুক লাইভ করেন সাংসদ।

স্থানীয় সূত্রের খবর, তেহট্টে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক চলাকালীনই বিজেপি কর্মী-সমর্থকেরা কালো পতাকা নিয়ে ‘গো ব্যাক’ ও ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তৃণমূল সমর্থকরাও পালটা ‘জয় বাংলা’ স্লোগান দেন। সভা শেষে মহুয়া মৈত্র গাড়িতে ওঠার মুহূর্তে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অভিযোগের তির স্থানীয় পঞ্চায়েত সমিতির বিজেপি নেতৃত্বের দিকে।

ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে মহুয়া মৈত্র দাবি করেন, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নিরাপত্তার নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ সম্পূর্ণ ব্যর্থ ও নিষ্ক্রিয় থেকেছে। অন্যদিকে, সভা করার কোনো পূর্বানুমতি ছিল না বলে পুলিশের তরফে দাবি করা হলে সাংসদ পালটা জানান, “এটা ঘরোয়া বৈঠক, পুলিশ সুপার সব জানেন। এর জন্য আলাদা অনুমতির প্রয়োজন হয় না।”

পরবর্তীকালে তেহট্ট-২ ব্লকের পলসুন্ডায় অপর একটি সভায় যোগ দিয়ে ফেসবুক লাইভে ডিমের দাগ দেখিয়ে সাংসদ বলেন, “আমি মুখ ধুইনি, সবাই দেখুক বিজেপির অসভ্যতামি। এর জবাব পাই পাই করে দিতে হবে।” এই ঘটনায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পাশাপাশি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *