১ লক্ষ প্রদীপে ‘অকাল দেওয়ালি’! সোশ্যাল মিডিয়ায় মোদির জন্মদিনের মেগা কাউন্টডাউন

১ লক্ষ প্রদীপে ‘অকাল দেওয়ালি’! সোশ্যাল মিডিয়ায় মোদির জন্মদিনের মেগা কাউন্টডাউন

ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক ১১টা ৫৯ মিনিট। ১৭ সেপ্টেম্বর উদয় হওয়ার মাত্র এক মিনিট আগেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল এক মেগা কাউন্টডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উদযাপনে এমনই এক অভিনব ও পপ-কালচারনির্ভর পথ বেছে নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের অফিশিয়াল হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি বিশেষ ভিডিও প্রকাশ পেতেই এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে।

মাত্র ২২ সেকেন্ডের ওই ভিডিওটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সুপারহিট গান ‘Swag Se Swagat’-এর তালে সাজানো হয়েছে প্রধানমন্ত্রী মোদির বর্ণময় কর্মজীবনের একগুচ্ছ দৃশ্য। আন্তর্জাতিক মঞ্চে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ, ব্রিকস সম্মেলন থেকে শুরু করে নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে আমজনতার দিকে হাত নাড়ার মুহূর্ত— প্রতিটি ফ্রেমেই ফুটে উঠেছে তাঁর ব্যক্তিত্ব। ভিডিওর শেষে স্ক্রিনে ভেসে ওঠে মেগা হ্যাশট্যাগ #HappyBdayPMModi।

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানো থেকে শুরু করে আজ পর্যন্ত— নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের প্রশাসনিক সফর ও জনসেবাকেই এই উদযাপনের মূল থিম করা হয়েছে। ডিজিটাল মিডিয়ার এই ঝোড়ো প্রচারের পাশাপাশি বাস্তবেও দেশজুড়ে পালিত হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। রাজ্যজুড়ে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর পাশাপাশি গঙ্গার ঘাটে ১ লক্ষ দীপ জ্বালিয়ে কার্যত এক ‘অকাল দেওয়ালি’র আবহে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় কর্মী ও সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *