২৫০ বাইকে ৫০০ সওয়ারি! প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে মেগা ‘সেবা সংকল্প’ অভিযান

২৫০ বাইকে ৫০০ সওয়ারি! প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে মেগা ‘সেবা সংকল্প’ অভিযান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে আজ দেশজুড়ে নানাবিধ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনটিকে সামনে রেখে তাঁর লোকসভা কেন্দ্র বারাণসী (কাশী) থেকে জন্মস্থান গুজরাতের ভাদনগর পর্যন্ত শুরু হলো এক মেগা ‘সেবা সংকল্প’ বাইক যাত্রা।

যাত্রার সূচনাপর্বে আজ সকালে ৫১ জন প্রতিনিধি ললিতা ঘাট থেকে গঙ্গার জল সংগ্রহ করেন। শঙ্খধ্বনি ও ডমরু বাদনের পর কাশী বিশ্বনাথ মন্দিরে বিশেষ জলাভিষেক করা হয়। এর পরপরই প্রায় ৫০০ জন আরোহীকে নিয়ে ২৫০টি বাইকের এই সুবিশাল শোভাযাত্রা রওয়ানা দেয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বাইক যাত্রার শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরি, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।

কাশী থেকে ভাদনগর পর্যন্ত ২২ দিনের এই দীর্ঘ সফরে বাইক র্যালিটি দেশের ১০টি রাজ্যের ১৯৩টি জেলা, ৭৭৩টি তহসিল এবং ১,১৫৯টি গ্রাম অতিক্রম করবে।

কেবল বাইক যাত্রা নয়, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালিত হবে। যুবসমাজ, সরকারি প্রকল্পের সুবিধাভোগী এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর পাশে দাঁড়াতেই এই একমাসের পরিকল্পনা। এছাড়া পশ্চিমবঙ্গেও প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে একাধিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *