‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে উপড়ে ফেলেছে’, পিএম বিশ্বকর্মা উদ্বোধনে তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: ধনধান্য অডিটোরিয়ামে ‘পিএম বিশ্বকর্মা’ (PM Vishwakarma) প্রকল্পের শুভ সূচনা করে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আমজনতাকে বিভিন্ন কেন্দ্রীয় উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত করার অশুভ ফল তৃণমূলকে ভোগ করতে হয়েছে বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বিরোধী দলনেতা থাকাকালীন আমি বারবার সরব হয়েছিলাম যে তৃণমূল সরকার জনকল্যাণমুখী কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করতে দিচ্ছে না। তবে সেই বঞ্চনার ফল তারা আজ হাতেনাতে পেয়েছে। আজ তৃণমূল ক্ষমতাচ্যুত। প্রকৃত অর্থে বাংলার বিশ্বকর্মারা নিজেরাই তৃণমূলকে রাজ্য থেকে সরিয়ে দিয়েছেন।”
স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন, ‘আয়ুষ্মান ভারত’-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্প আটকে রেখে চরম ভুল করেছিল আগের সরকার। পরিবর্তনের পর নতুন সরকারের অধীনে ইতিমিধ্যেই আয়ুষ্মান ভারতের মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন, যার একটি বড় অংশ পরিযায়ী শ্রমিক।
কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দেওয়া শ্রমিকদের নিজের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে বলেন, “আগের সরকারের ভুল নীতির কারণেই রাজ্যবাসীকে কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। কিন্তু এই পরিযায়ী শ্রমিকরাই রাজ্যে পরিবর্তনের সূচনা করেছেন। আমাদের সরকারের মূল মন্ত্রই হলো প্রত্যেকের হাতে কাজ তুলে দেওয়া। আপনারা ফিরুন, সরকার সবার রুজিরুটির ব্যবস্থা করবে।”