বিশ্বকর্মা পুজোতেও ভাসবে বাংলা! কলকাতা সহ কোন কোন জেলায় লাল-কমলা সতর্কতা?
/indian-express-bangla/media/media_files/2025/09/17/rain-2025-09-17-08-37-31.jpg?w=640&fit=640,360&ssl=1)
কয়েকদিন চড়া রোদ দেখে রাজ্যবাসী ভেবেছিল বর্ষা বুঝি এবারের মতো বিদায় নিল। কিন্তু বাস্তবে তা হওয়ার নয়! উলটে বিশ্বকর্মা পুজো এবং উইকএন্ড জুড়ে ফের ঘ্যানঘ্যানে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
কোথায় কেমন বৃষ্টি?
- দক্ষিণবঙ্গ: শুক্রবার কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে সবথেকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে হাওড়ায়; সেখানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
- উত্তরবঙ্গ: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে।
কেন এই লাগাতার বৃষ্টি? হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ও পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত দুটি পৃথক মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই রাজ্য জুড়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, আর তার ফলেই এই নাছোড়বান্দা বৃষ্টি।
কবে মিলবে স্বস্তি? শনিবার থেকে বৃষ্টির দাপট মোটের উপর কিছুটা কমলেও, পুরোপুরি রেহাই মিলবে না। উইকএন্ডে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি থামতে পারে বলে আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর।
বর্ষা বিদায় নিচ্ছে কবে? ইতিমধ্যেই পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে। তবে বাংলার আকাশ পুরোপুরি পরিষ্কার হতে ঠিক কতদিন সময় লাগবে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।