জামিনের শর্ত ভাঙার অভিযোগ! ফের সিবিআইয়ের কড়া নিশানায় পার্থ

জামিনের শর্ত ভাঙার অভিযোগ! ফের সিবিআইয়ের কড়া নিশানায় পার্থ

কলকাতা: জামিন পেলেও স্বস্তি নেই! প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শর্ত লঙ্ঘনের অভিযোগে ফের সিবিআইয়ের নিশানায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালতে তদন্তকারী সংস্থা অভিযোগ করে, আদালত জামিন দেওয়ার সময় নির্দেশ দিয়েছিল সপ্তাহে এক দিন সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে পার্থকে। কিন্তু জামিন পাওয়ার পর থেকেই তিনি এই নির্দেশ এড়িয়ে যাচ্ছেন।

পার্থর আইনজীবীর পাল্টা যুক্তি সিবিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে পার্থর আইনজীবী জানান, অসুস্থতার কারণেই তাঁর মক্কেলের পক্ষে নিয়মিত সশরীরে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। মাঝেমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তিনি আদালতে মনে করিয়ে দেন, ২০২২ সালের জুলাইয়ে গ্রেপ্তারের পর পার্থর চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমসে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। এমনকি গত বছর সিবিআই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করলেও শারীরিক অবস্থার কারণে হেফাজতে নেয়নি। আইনজীবীর দাবি, সিবিআইকে ই-মেল করে এই পরিস্থিতির কথা জানানো হয়েছে এবং প্রয়োজনে ভার্চুয়াল হাজিরার প্রস্তাবও দেওয়া হয়েছে।

মানিকের চার্জশিট নিয়ে প্রশ্ন এদিনের শুনানিতে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের প্রসঙ্গও ওঠে। মানিকের আইনজীবীর প্রশ্ন, মূল এফআইআরে নাম না থাকা এবং সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে তাঁকে অভিযুক্ত করা হলো? এর জবাবে বিচারক স্পষ্ট জানিয়ে দেন, সুপ্রিম কোর্ট কড়া ব্যবস্থা নিতে নিষেধ করলেও তদন্তকারী সংস্থাকে চার্জশিট পেশ করতে কোথাও বাধা দেয়নি।

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ সেপ্টেম্বর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *