“শুভেন্দুকে ৯৯, ১ কাটলাম কারণ…” গাছতলায় বসে বোমা ফাটালেন তৃণমূলের বর্ষীয়ান নেতা!

“শুভেন্দুকে ৯৯, ১ কাটলাম কারণ…” গাছতলায় বসে বোমা ফাটালেন তৃণমূলের বর্ষীয়ান নেতা!

উপনির্বাচনের ঠিক মুখেই চরম অস্বস্তিতে ঘাসফুল শিবির! আইনি টানাপোড়েন ও দলীয় প্রতীক হাতছাড়ার সংকটের মাঝেই এবার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করলেন নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা আবু তাহের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী সংস্থা আই-প্যাক-এর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন তিনি।

হলদিয়া মহকুমা আদালত চত্বরের এক গাছতলায় বসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাহের স্মৃতির সরণি বেয়ে পুরোনো দিনের কথা মনে করান। তিনি জানান, একসময় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছিলেন, “তুই তো শুভেন্দুর বন্ধু!”

শুধু পুরোনো স্মৃতিরোমন্থন নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাজেরও খোলামেলা প্রশংসা করেন এই তৃণমূল নেতা। প্রশাসনিক দক্ষতার বিচারে শুভেন্দুকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, “শুভেন্দুকে ১০০-র মধ্যে ৯৯ দেব।” তবে ১০০-য় ১০০ না দিয়ে ১ নম্বর কাটার কারণ হিসেবে মুচকি হেসে জানান, “আমাদের একা ফেলে অন্য দলে চলে গিয়েছেন, সেই কষ্টেই ১ নম্বর কেটে রেখেছি!”

দলের বর্তমান করুণ দশার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আই-প্যাক-এর ভুল নীতিকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন আবু তাহের। তাঁর দাবি, সঠিক দিকনির্দেশনার অভাবে তৃণমূল আজ পুরোপুরি দিশাহীন ও ছন্নছাড়া।

একই সাথে আসন্ন উপনির্বাচন নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করে তাহের জানান, নন্দীগ্রামের মাটিতে তৃণমূলের অবস্থা এতটাই খারাপ যে ভোটে জেতা তো দূরের কথা, তারা দ্বিতীয় স্থানেও থাকতে পারবে না। ঘাসফুল শিবিরকে পেছনে ফেলে সেখানে দ্বিতীয় স্থানে উঠে আসবে বামপন্থীরা।

ভোটের ঠিক মুখেই নন্দীগ্রামের প্রবীণ নেতার এই বিস্ফোরক বয়ান শাসক দলকে যে ব্যাকফুটে ঠেলে দিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *