এনজেপি স্টেশনে বড়সড় পর্দাফাঁস! ‘বাংলাদেশি’ সেজে ভারতে ঢুকে ট্রেন সফর, ধরা পড়ল ৪ মায়ানমার নাগরিক

এনজেপি স্টেশনে বড়সড় পর্দাফাঁস! ‘বাংলাদেশি’ সেজে ভারতে ঢুকে ট্রেন সফর, ধরা পড়ল ৪ মায়ানমার নাগরিক

নিউ জলপাইগুড়ি: উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন নিউ জলপাইগুড়িতে (NJP) রেলওয়ে সুরক্ষা বল (RPF) এবং জিআরপি (GRP)-র যৌথ অভিযানে ধরা পড়ল চার আন্তর্জাতিক অনুপ্রবেশকারী। ত্রিপুরা থেকে সুদূর পাঞ্জাব যাওয়ার পথে বিশেষ তল্লাশি চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

বাংলাদেশি পরিচয়ের আড়ালে আসল রূপ রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগরতলা থেকে আনন্দ বিহারগামী ‘ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস’ ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালে সাধারণ কামরায় (General Bogie) তল্লাশি চালায় আরপিএফ ও জিআরপির দল। সেই সময় চার যাত্রীর আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তাঁদের ট্রেন থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রথম পর্যায়ে তাঁরা নিজেদের বাংলাদেশি দাবি করলেও, পুলিশের কড়া জেরার মুখে আসল সত্যি প্রকাশ্যে আসে। পুলিশ নিশ্চিত করে যে, ধৃতরা মূলত মায়ানমারের অধিবাসী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে আত্মগোপন করে ছিলেন।

সীমান্ত টপকে পাঞ্জাব পালানোর পরিকল্পনা জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্প্রতি তাঁরা অবৈধভাবে ভারতের আগরতলা সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করেন। ত্রিপুরা থেকে ট্রেনে চেপে পাঞ্জাবে গিয়ে স্থায়ীভাবে গা ঢাকা দেওয়াই ছিল তাঁদের মূল লক্ষ্য।

তদন্তে আন্তর্জাতিক পাচারচক্র ধৃতদের কাছে ভারতে প্রবেশ বা অবস্থানের কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্ট মেলেনি। কোন আন্তর্জাতিক পাচারচক্রের সাহায্যে তাঁরা সীমান্ত অতিক্রম করেছিলেন এবং পাঞ্জাবে তাঁদের মূল মদতদাতা কে ছিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে এনজেপি জিআরপি ও আরপিএফ। এর পেছনে কোনো বড়সড় অনুপ্রবেশ বা পাচারচক্রের ষড়যন্ত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *