‘আনম্যাপড’ কেজরিওয়াল পরিবার! ভোটার তালিকা বিতর্কের মাঝেই ইসির বড় পদক্ষেপ

‘আনম্যাপড’ কেজরিওয়াল পরিবার! ভোটার তালিকা বিতর্কের মাঝেই ইসির বড় পদক্ষেপ

দিল্লির খসড়া ভোটার তালিকা থেকে লাখ লাখ নাম উধাও হওয়া নিয়ে যখন রাজনৈতিক শোরগোল চরমে, ঠিক তখনই নির্বাচন কমিশনের বিশেষ নোটিস পৌঁছাল আম আদমি পার্টির (AAP) প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে। শুধু তিনি একা নন, সপরিবারে তাঁকে এই নোটিস পাঠিয়েছে কমিশন।

কারা কারা পেলেন নোটিস? নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কেজরিওয়াল ছাড়া নোটিস পাঠানো হয়েছে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল, মা গীতা দেবী এবং ২৫ বছরের ছেলে পুলকিত কেজরিওয়ালকে।

কেন এই নোটিস? দিল্লিতে বর্তমানে নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া চলছে। নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রের ৪০ নম্বর সেগমেন্টে কেজরিওয়াল পরিবারের যে তথ্য রয়েছে, তার সঙ্গে গতবারের এসআইআর রেকর্ডের মিল পাওয়া যায়নি। এই ধরনের ভোটারদের রাখা হয়েছে ‘Unmapped with Last SIR’ ক্যাটাগরিতে। ওই নির্দিষ্ট এলাকা থেকে মোট ১১০ জনকে এই নোটিস দেওয়া হয়েছে, যার মধ্যে কেজরিওয়াল পরিবারের এই ৫ সদস্য রয়েছেন। মূলত তথ্যের সমস্ত অসংগতি খতিয়ে দেখতেই এই ভেরিফিকেশন।

কেন্দ্র ও কমিশনকে কেজরিওয়ালের কটাক্ষ এর আগে গত ৩১ অগস্ট দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ক্ষোভ উগরে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে তিনি দাবি করেন, দিল্লির প্রায় দেড় কোটি ভোটারের মধ্যে ৪৭ লক্ষের নামই তালিকা থেকে গায়েব করে দেওয়া হয়েছে। ব্যঙ্গ করে কেজরিওয়াল বলেন, “দেশের জনসংখ্যা কমানোর জন্য কেন্দ্রকে আলাদা খাটতে হবে না, এই এসআইআর প্রক্রিয়াই দেশের ১৪০ কোটি জনসংখ্যা কমিয়ে ৫০ কোটিতে নামিয়ে আনবে।”

ভোটারদের জন্য জরুরি তথ্য:

  • ৩০ জুন থেকে ১৭ অগস্ট পর্যন্ত চলা এই অভিযানে বাড়ি বাড়ি গিয়ে ৬৭.১৮ শতাংশ ভোটারের তথ্য ডিজিটাইজ করা হয়েছে।
  • সবচেয়ে বেশি কাজ হয়েছে রোহিণীতে (৮৩.৪৩%) এবং সবচেয়ে কম তুঘলকাবাদে (৫২.১৫%)।
  • যাঁদের নাম ভোটার তালিকা বা এই প্রক্রিয়ার বাইরে রয়ে গেছে, তাঁরা প্রয়োজনীয় নথি সহ ফর্ম-৬ পূরণ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নাম তোলার আবেদন জানাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *