‘গতকালের ডিম-টমেটো আজ ফেরত দিলাম!’ মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে তুলকালাম, আটক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

‘গতকালের ডিম-টমেটো আজ ফেরত দিলাম!’ মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে তুলকালাম, আটক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

লুধিয়ানা: পাঞ্জাবের লুধিয়ানায় মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কনভয়ের সামনে ডিম ও টমেটো নিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে আটক হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবনীত সিং বিট্টু। শনিবার পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটির (PAU) গেটের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। অবশ্য আটক করার কিছু সময় পরেই পুলিশ তাঁকে ছেড়ে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার লুধিয়ানায় পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘কিসান মেলা’-য় যোগ দিতে আসছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। খবর পেয়েই তাঁর কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে হাতে ডিম ও টমেটো নিয়ে উপস্থিত হন বিজেপি নেতা রবনীত সিং বিট্টু।

এই অভিনব প্রতিবাদের নেপথ্যে রয়েছে আগের দিনের এক ঘটনা। শুক্রবার পাঠানকোটের দিকে বিজেপি-র ‘নেশা মুক্ত পাঞ্জাব যাত্রা’ যাওয়ার সময় বিট্টুর কনভয় লক্ষ্য করে ডিম ও টমেটো ছোড়া হয়েছিল। অভিযোগের আঙুল ছিল শাসক দল আম আদমি পার্টির (AAP) দিকে। সেই ঘটনার প্রতিবাদ জানাতে এবং ছোড়া ডিম-টমেটো মুখ্যমন্ত্রীকে “ফেরত” দিতেই তিনি এদিন হাজির হয়েছিলেন বলে দাবি করেন বিট্টু।

বিক্ষোভ চলাকালীন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বিজেপি নেতা বলেন, “গতকাল আমার কনভয়ে হামলা চালানো হয়েছিল, আজ আমি সেগুলো ফেরত দিতে এসেছি। আপ কর্মীরা যদি বিজেপি নেতা বা আমাদের যাত্রার ওপর আক্রমণ করে, তবে আমাদের কর্মীরাও চুপ করে বসে থাকবে না। আমরাও গণতান্ত্রিক উপায়ে জবাব দেব।” তিনি আরও যোগ করেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিজেপির কণ্ঠরোধ করা যাবে না এবং পাঞ্জাবের জনস্বার্থের ইস্যু নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।

সম্ভাব্য বিশৃঙ্খলা ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পাঞ্জাব পুলিশ তড়িঘড়ি রবনীত সিং বিট্টুকে আটক করে থানায় নিয়ে যায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তাঁকে মুক্তি দেওয়া হয়।

ঘটনার পর রাজ্য পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে কড়া হুশিয়ারি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি বিট্টু জানান, ভবিষ্যতে তাঁর বা তাঁর দলের কর্মীদের ওপর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সমস্ত দায়ভার মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও রাজ্য ডিজিপি-কে নিতে হবে। ইতিমধ্যেই পুরো বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বিস্তারিত জানানো হয়েছে বলেও তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *