‘দিনে ২-৪ বার স্ত্রীকে বলুন Love You!’ কানপুরে ওয়াইসির আচমকা ‘লভ গুরু’ অবতার

‘দিনে ২-৪ বার স্ত্রীকে বলুন Love You!’ কানপুরে ওয়াইসির আচমকা ‘লভ গুরু’ অবতার

কানপুর: উত্তরপ্রদেশের কানপুরের রাজনৈতিক মঞ্চে এ এক নজিরবিহীন দৃশ্য! চেনা রাজনৈতিক সংঘাত আর আক্রমণাত্মক ভাষণের বাইরে গিয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। জনসভায় রাজনৈতিক বার্তার পাশাপাশি গৃহস্থালির অশান্তি মেটাতে একেবারে ‘লভ গুরু’র ভঙ্গিতে জনতার উদ্দেশ্যে দাম্পত্য সুখের চাবিকাঠি তুলে ধরলেন হায়দরাবাদের এই সাংসদ।

স্ত্রীর চোখে চোখ রেখে বলুন ‘I Love You’: কানপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি পরামর্শ দেন, সংসারে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া-ঝাঁটি না করে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রকাশ করা উচিত। সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় বাড়ি ফেরার পর অন্তত দিনে দু’-চার বার স্ত্রীকে ‘Love You’ বলার পরামর্শ দেন তিনি। শুধু মুখেই নয়, ওয়াইসির রোমান্টিক রেসিপি— স্ত্রীর চোখে চোখ রেখে বলতে হবে, “I Love You My Dear”। তাঁর দাবি, এতে সংসারের পরিবেশ হালকা হবে এবং দম্পতির মধ্যে পারস্পরিক টান বাড়বে। ওয়াইসির এই অপ্রচলিত বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

‘আই লভ মহম্মদ’ স্লোগান ও ভীতিহীন ভোটাধিকার: দাম্পত্য জীবনের পরামর্শের পর রাজনৈতিক উত্তাপও বাড়ান AIMIM সুপ্রিমো। সভা থেকে তিনি ‘আই লভ মহম্মদ’ স্লোগান তোলেন এবং উপস্থিত সমর্থকদের দিয়েও তা বলিয়ে নেন। ওয়াইসি স্পষ্ট জানান, AIMIM-কে ভালোবাসলে তা প্রকাশ্যে বলতে দ্বিধা করার প্রয়োজন নেই। আসন্ন ভোটে ভয়-ভীতি উপেক্ষা করে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করার আহ্বান জানান তিনি।

সমাজবাদী পার্টিকে ২ অক্টোবর পর্যন্ত ডেডলাইন: প্রেমের টিপসের পাশাপাশি ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা করেন ওয়াইসি। তিনি জানান, গত বারের ভুল শুধরে এবার কানপুর ক্যান্টনমেন্ট আসনে নিশ্চিতভাবে প্রার্থী দেবে তাঁর দল। বিজেপিকে রাজ্য রাজনীতি থেকে হটাতে বিরোধী দলগুলিকে AIMIM-এর সঙ্গে হাত মেলানোর আহ্বান জানান তিনি। বিশেষ করে সমাজবাদী পার্টিকে (SP) নিশানায় রেখে ওয়াইসি জানান, জোটের সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি ২ অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী শিবিরের সদুত্তর না মিললে দল নিজের পথেই এগোবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *