‘পুলিশি নিষ্ক্রিয়তা’! ডিম কাণ্ডে চরম ক্ষুব্ধ মহুয়া সোজা আদালতে, কী বলল হাইকোর্ট?

নদিয়ার তেহট্টে দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে ডিম হামলার মুখে পড়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তার তীব্র অভিযোগ তুলে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। তবে মামলা দায়েরের অনুমতি মিললেও, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
ঠিক কী ঘটেছিল নাটনায়? গত সপ্তাহে নদিয়ার তেহট্ট থানার নাটনায় তৃণমূলের দলীয় বৈঠকে গিয়ে চরম অসন্তোষ ও বিক্ষোভের মুখে পড়েন মহুয়া। অভিযোগ, সাংসদ পৌঁছানো মাত্রই বিজেপি কর্মী-সমর্থকরা জমায়েত হয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। বৈঠক শেষে বাইরে বেরোতেই তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় এবং ডিম ছোড়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা শেয়ার করে এ নিয়ে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মহুয়া। যদিও বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ যুক্ত নয়।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ও আদালতের পর্যবেক্ষণ: মহুয়ার অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর সঙ্গে চারজন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল। উল্টে নিরাপত্তা দেওয়ার বদলে তাঁকেই তড়িঘড়ি গাড়িতে তোলার চেষ্টা করা হয়।
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি তুলে ধরেন মহুয়া মৈত্রের আইনজীবী। তিনি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলা দায়ের করা গেলেও কোনও জরুরি শুনানি হবে না। নির্দিষ্ট নিয়ম ও কার্যসূচি (কজ লিস্ট) মেনেই ধারাবাহিকভাবে এই মামলার শুনানি চলবে।