পুজো মণ্ডপেই মিলবে সরকারি প্রকল্পের ফর্ম! বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

সরকারি প্রকল্পের ফর্ম নেওয়া বা জমা দেওয়া নিয়ে প্রায়শই দীর্ঘ লাইন ও হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এবার সেই ভোগান্তি দূর করতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য পুরদপ্তর। পুজোর আনন্দ উদযাপনের মাঝেই মণ্ডপ চত্বর থেকে মিলবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধা।
সম্প্রতি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, দুর্গাপুজোর দিনগুলিতে শহরের বড় বড় পুজো মণ্ডপে বিশেষ ক্যাম্প করবে পুরদপ্তর। সেখান থেকেই সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম। শুধু তাই নয়, পূরণ করা ফর্ম জমা নেওয়ার বন্দোবস্তও রাখা হবে সেই ক্যাম্পগুলিতে।
আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাসন যোজনা, বিশ্বকর্মা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি অন্নপূর্ণা যোজনা ও যুবশক্তির মতো নানা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
নিজের এলাকা থেকেই এই অভিনব পরিকল্পনার কাজ শুরু করতে চলেছেন পুরমন্ত্রী। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার হিরাপুর থানার পুজো সমন্বয় বৈঠকে ইতিমধ্যেই স্থানীয় ক্লাব ও পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আগ্রহী ক্লাবগুলির নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। উৎসবের আবহে পুরদপ্তরের এই পদক্ষেপে সুবিধাই হবে সাধারণ মানুষের।